ঢাবিতে ইউনূসবিরোধী লিফলেট বিলির সময় আটক ৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সমাবর্তনে নোবেল বিজয়ী ড. ইউনূসকে ‘বর্জন’ করার দাবিতে লিফলেট বিলি করার সময় হিযবুত তাহরিরের ছাত্রসংগঠন ‘বাংলাদেশ ছাত্রমুক্তি’র চার সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার সকাল এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে লিফলেট বিলি করার সময় গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। বিলি করা লিফলেটের শিরোনাম ছিল ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সাম্রাজ্যবাদের দোসর ড. ইউনূসকে বর্জন করুন’।
আটককৃতরা হলেন কবি জসীমউদ্দিন হলের ২১৩ নম্বর রুমের এ এইচ এম সামসুদ্দোহা মাহমুদী, সূর্যসেন হলের ৫৭৩ নম্বর রুমের ইয়াসির আরাফাত ভুঁইয়া, মুগদার ১২২/ই এর যোবায়ের আহমেদ রনি, এবং ৬ নং তেজকুনিপাড়ার বেলাল হোসেন। তাদের রমনা থানায় নিয়ে যাওয়া হয়।
সকালে প্রায় একই সময়ে কলাভবনের মূল গেইটে অপর চারজন একই লিফলেট বিলি করার সময় পুলিশ তাদের ধরতে গেলে পালিয়ে যায়।
লিফলেটে ইউনূসকে সাম্রাজ্যবাদের দালাল আখ্যা দিয়ে তার হাত থেকে সনদ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইউনূসকে ‘সমাবর্তন বক্তা’ হিসেবে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষক, ছাত্রলীগ--ছাত্রদলসহ বেশিরভাগ ছাত্র সংগঠন। ইউনূসকে প্রত্যাখ্যানের দাবিতে সোমবার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মিছিল হওয়ার কথা থাকলেও কঠোর নজরদারির কারণে তা হয়নি। ক্যাম্পাসে বাড়তি পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে। আনাগোনা বেড়েছে গোয়েন্দা পুলিশ এবং সাদা পোশাকের পুলিশের।
আগামী ২৮ ফেব্রুয়ারি এই সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা।
