২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের ৭৫ ভাগ জ্বালানি বিদেশ থেকে কেনা হবে

বিমান পুনর্গঠন ও বাণিজ্যিকীকরণ সংক্রান্ত কমিটির প্রথম বৈঠকেই বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানি করা ও এর লোকসান কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার বিমান মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 03:45 AM

Updated : 26 Apr 2022, 02:05 PM

বিমান সচিব শহিদ আলমের সভাপতিত্বে ছয় সদস্যের ওই কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বিমান এখন থেকে তার ব্যবহারের মাত্র ২৫ শতাংশ তেল বিপিসির কাছ থেকে কিনবে। বাকি শতকরা ৭৫ ভাগ কেনা হবে বিদেশ থেকে। এতে তাদের বড় ধরনের ব্যয় সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে।

ওই সিদ্ধান্ত ছাড়াও বিমানকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। শুধু পরিচালনা ও ব্যবস্থাপনা ছেড়ে দেওয়ার চিন্তা করছে সরকার।

এদিকে, বিমানকে বেসরকারি খাতে ছেড়ে দিলে এর সাড়ে পাঁচ হাজার জনবলের অন্তত দুইহাজার জনবল ছাটাই করতে হবে। সেক্ষেত্রে তাদের সঙ্গে ‘গোল্ডেন হ্যান্ডশেক’ করা যায় কিনা সে ব্যাপারে আলোচনা হয়েছে।

বিমানের নিজস্ব বাহনগুলোর উন্নতি ঘটিয়ে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করার বিষয়েও তারা কথা বলেন। এছাড়া নতুন চারটি বোয়িং কেনার প্রস্তাব উপস্থাপন করেন কমিটির সদস্যরা। তবে কমিটির সুপারিশের পর সরকার সিদ্ধান্ত দিলেই মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ নেবে।

কমিটির সভাপতি বিমান সচিব শহিদ আলম জানান, বিমানের কাছে যে তথ্য চাওয়া হয়েছে আগামী রবি--সোমবার নাগাদ তা তার হাতে এসে পৌঁছুবে। তারপর এ কমিটি আরও একবার বৈঠকে বসবে। আর ওই বৈঠকেই সুপারিশ চুড়ান্ত করা হবে। সবশেষে সুপারিশ উপস্থাপন করার হবে উপদেষ্টা পরিষদের কাছে।

বর্তমানে বিমানকে প্রতিববছর হাজার কোটি টাকার বেশি লোকসান গুনতে হচ্ছে। অবশ্য দুর্নীতিবাজ কিছু কর্মকর্তাদের ছাঁটাইয়ের মাধ্যমে ক্ষতি অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়েছে। বর্তমানে এর পরিমান চার থেকে সাড়ে চারশো কোটি টাকা।

এছাড়া বিপিসির কাছে বর্তমানে ১৫০০ কোটি টাকা ঋণগ্রস্ত বিমান । আর এই ঋণের মাত্রা কমিয়ে আনতে তাদের কাছ থেকে শুধু ২৫ শতাংশ তেল ক্রয়ের সিদ্ধান্ত নেয় বিমান।