২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: হাসান মশহুদ চৌধুরী

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিলেন দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। দায়িত্ব নেওয়ার প্রথমদিন সাংবাদিকদের তিনি বলেছেন,“এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে, আর পদত্যাগ নয়।” (আরও তথ্যসহ ও সমন্বিত)

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 06:26 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

সাবেক সেনা প্রধান দুদক চেয়ারম্যান লেঃ জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরী রোববার বিকেলে কমিশনের কার্যালয়ে সম্মেলন কক্ষে সাংবাদিকদের বলেন,“সম্মিলিত প্রচেষ্টা এবং দেশবাসীর সহযোগিতা পেলে দুর্নীতির বিরুদ্ধে চলমান সংগ্রাম সফল করতে পারবো।”

নিজের সম্পত্তির হিসাব সাংবাদিকদের কাছে তুলে ধরে হাসান মশহুদ বলেন, আগামী ১৫ মার্চের মধ্যে দুদকের সব কর্মকর্তা-কর্মচারীদের সম্পত্তির হিসাব কমিশনে জমা দেওয়া হবে।

হাসান মশহুদ চৌধুরী দেখিয়েছেন নগদ অর্থ ১০ হাজার টাকা এবং আড়াই হাজার মার্কিন ডলার, ট্রাস্ট ব্যাংকের ক্যান্টনমেন্ট শাখায় ২ হাজার ১০৩ টাকা ৯ পয়সা, এফডিআর ৪০ লাখ টাকা, অবসরভাতা ১ হাজার ১৬৭ টাকা ৭০ পয়সা, বাৎসরিক বিনোদন ভাতা ১১ হাজার ৮৭ টাকা ৭০ পয়সা। এছাড়া নিরাপত্তা রক্ষাকারী বেসরকারি সংস্থা গ্রুপ ফোর এর উপদেষ্টা হিসেবে মাসিক ৫০ হাজার টাকা সম্মানী এবং চালক ও অন্যান্য খরচসহ গাড়ির সুবিধা পাচ্ছেন। একইসঙ্গে সিলেটে পৈত্রিক বাড়ি এবং স্ত্রীর সম্পত্তির হিসাব দেখিয়েছেন।

দুদক চেয়ারম্যান আরও বলেন, “গত কয়েক বছরে দেশের ভাবমূর্তি বিনষ্ট এবং দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসেবে কলঙ্কের ছাপ মুছে ফেলতে পারবো বলে আশা করি।”

অবশ্য দুর্নীতি নির্মূল করতে কোনো সময়সীমা বেঁধে দিতে চান না হাসান মশহুদ। তিনি বলেন, “এরকম কোনো সময়সীমা বেধে দেয়া ঠিক হবে না। আমরা উদ্দেশ্য হচ্ছে দেশকে এরকম সংস্কৃতি থেকে মুক্ত করা।”  

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দুর্নীতির সংশ্লিষ্টতা ও গ্রেপ্তারের প্রশ্নটিও এক পর্যায়ে উঠে। হাসান মাশহুদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, উনি বিবেচনায় নেই, তা ঠিক নয়। কাউকে আইনের উর্ধ্বে বলাটা ঠিক হবে না।

দুনীতি দমন কমিশনের পদত্যাগকারী সদস্যদের ব্যর্থতা কী জানতে চাইলে তিনি বলেন, যারা চলে গেছেন, তারা শ্রদ্ধেয় ব্যক্তি। এ নিয়ে কথা বলা শোভনীয় নয়। 

কমিশনের কার্যালয় থেকে মির্জা আববাস ও হাফিজ ইব্রাহিমের গ্রেপ্তার বৈধ হয়েছে বলে দাবি করেন হাসান মশহুদ চৌধুরী।

দুদক চেয়ারম্যান স্পষ্টভাষায় বলেন, ৫০ জনের তালিকা হয়েছে, এটাই শেষ নয়। ১৪ কোটি মানুষের দেশ। সেই তালিকা ৫০০ অথবা পাঁচ হাজারও হতে পারে। সাংবাদিকদের উদ্দেশে তিনি স্পষ্ট করে বলেন, আপনারা তথ্য দিন। এমন তথ্য দেবেন না যাতে কেউ হয়রানি অথবা হেনস্তার মুখে পড়ে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, স্বাধীন দুর্নীতি কমিশন আইনের অনেক ভাল কথা লেখা আছে। তবে ওই আইনের সংশোধন ও পরিবর্তন প্রয়োজন হলে দুদক সরকারের কাছে যাবে। এ বিষয়ে সব কিছু সরকার করবে বলে আমাদের আশ্বস্ত করেছে। দুর্নীতিবাজদের আটকের কমিশনের আইনি বৈধতার বিষয়টি আদালতে প্রশ্নে মুখে পড়বে কিনা জানতে চাইলে তিনি জানান, এ বিষয়টি নিয়ে আমরা দায়িত্ব নেওয়ার পর কমিশন আলোচনা করেছে।

নতুন কমিশনার হাবিবুর রহমান বলেন, আমরা চাই দেশ থেকে দুর্নীতি দূর করতে। এজন্য সাংবাদিক ও গণমাধ্যমকে দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। যাতে সেই সংবাদের ভিত্তিতে কমিশন ব্যবস্থা নিতে পারে।

অন্য কমিশনার আবুল হাসান মনজুর মান্নান বলেন, দুদককে একটি প্রতিষ্ঠানে  পরিণত করতে হবে। এই দপ্তর সর্ম্পকে জনগণ যাতে কোনো প্রশ্ন না তুলতে পারে সেই দিকটা আমরা প্রথম নজর দিচ্ছি। এজন্য বিদ্যমান আইনের জটিলতা নিরসন করা হবে।

এ সময় উপস্থিত কমিশনের সচিব দোলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।