২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাদিয়া দ্বীপের ৫ হাজার একর চিংড়িঘের উচ্ছেদ

মহেশখালীর সোনাদিয়া দ্বীপের প্রায় পাঁচ হাজার একর এলাকা জুড়ে গড়ে ওঠা অবৈধ চিংড়িঘের ও লবণ মাঠ শনিবার দখলমুক্ত করেছে যৌথবাহিনী। মহেশখালীর বিএনপির সাবেক সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ও তাঁর নিকটাত্মীয়সহ ১৫ জন প্রভাবশালী সরকারি এই জমি এক যুগেরও বেশি সময় ধরে দখল করে রেখেছিলেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 08:51 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

জেলা প্রশাসনের নেতৃত্বে শনিবার সকাল ১১টা থেকে এই দ্বীপের অবৈধ চিংড়ি ঘের উচ্ছেদ করার সময় প্রভাবশালীদের ১৩টি ঘরও পুড়িয়ে দেওয়া হয়।

চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম এ খালেক খান জানান, সোনাদিয়ায় উপকূলীয় বন বিভাগের ২ হাজার ১৩৫ একর জমি রয়েছে। কিন্তু প্রভাবশালী ১৫ ব্যক্তি প্রায় ১ হাজার ৪৮৫ একর জমিতে অবৈধভাবে ২১টি চিংড়ি ঘের নির্মাণ করেন। এর বাইরে আরো প্রায় সাড়ে তিন হাজার একর খাস জমি দখলমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম লোকমান হাকিম।

দখলদারের তালিকায় আছেন স্থানীয় মেম্বার আবদুল গফুর নাগু (২৫০ একর), মহেশখালী--কুতুবদিয়া আসনের সাবেক সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (১৩০ একর), নতুন বাজার এলাকার নুরুল আলম (৭৫ একর), বড় মহেশখালীর জাগিরাঘোনা এলাকার আমিন শরীফ মাস্টার (৯০ একর), একই এলাকার মাহমুদ উল্লাহ (১০০ একর), সোনাদিয়ার ফোরক আহমদ বহদ্দার (২০ একর), জাগিরাঘোনার জালাল আহমদ (২০ একর), সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হকের ছেলে হাবিবুল্লাহ (২৮০ একর), কেরুনতলীর মোস্তফা কামাল (১২০ একর), সোনাদিয়ার এখলাস মিয়া (৮০ একর), গোরকঘাটার আমজাদ হোসেন (৮০ একর), সোনাদিয়ার সিরাজ মিয়া (৫০ একর), একই এলাকার আবদুস শুক্কুর (৪০ একর), নুরুল আমিন (৩০ একর) ও হাজী মোহাম্মদ সৈয়দ (১২০ একর)।

এদের মধ্যে নুরুল আলম সাবেক সাংসদ আলমগীর ফরিদের ভাগ্নে ও হাবিব উল্লাহ তার ভাইপো।

শনিবার সকালে যৌথবাহিনী সোনাদিয়ার পশ্চিম পাড়া থেকে অবৈধ চিংড়ি ঘের উচ্ছেদ শুরু করে। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এই কাজের তত্ত্বাবধান করেন।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম লোকমান হাকিম জানান, দখলদাররা তাদের শ্রমিকদের জন্য প্রায় ২৫টির মতো বড় ঘর বানিয়েছেন। এর মধ্যে ১৩টি পুড়িয়ে দেওয়া হয়েছে। বাকিগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘ ১৫ বছর ধরে সোনাদিয়ার কয়েক হাজার একর জমি জবরদখল করে চিংড়িঘের গড়ে তোলা হয়েছিল। এসব জমি লিজ দেওয়া হলেও সরকার ১৫ বছরে রাজস্ব পেত ৮০ কোটি টাকা।

তিনি বলেন, উচ্ছেদ করা এলাকায় পরিবেশ সম্মতভাবে প্যারাবন সৃজনের পাশাপাশি পর্যটন স্পট গড়ে তোলা হবে। ইতিমধ্যে মালয়েশিয়ান একটি কোম্পানি দ্বীপটিতে ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চেয়েছে।