ডিপার্টমেন্টাল স্টোর ও হাসপাতালসহ ধানমন্ডির শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) শনিবার রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি বহুতল ভবনের অংশ বিশেষসহ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে।
অভিযান চলাকালে গ্যারেজের জন্য নির্ধারিত স্থানে অবৈধভাবে গড়ে তোলা অভিজাত ডিপার্টমেন্টাল স্টোর পিকিউএস এবং ডিফার্ম নামে একটি হাসপাতাল বুলডোজার দিয়ে ভেঙ্গে দেওয়া হয়।
রাজউকের ম্যাজিস্ট্রেট আসম ইমদাদুদ দস্তগীর এবং নির্বাহী প্রকৌশলী দিদারুল ইসলাম শামীমের নেতৃত্বে সেনা বাহিনী ও পুলিশসহ নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য এ অভিযানে অংশ নেয়। ধানমন্ডি আবাসিক এলাকার ৫ ও ২৭ নাম্বার সড়কে সকাল সাড়ে ১০ টা থেকে দিনভর এই অভিযান চলে।
অভিযানের শুরুতেই ধানমন্ডি ৫ নং সড়কের ‘অঙ্গন’ নামে একটি ছয়তলা আবাসিক ভবনের বেজমেন্টে অবৈধভাবে গড়ে তোলা একটি গুদাম বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। একই সড়কের ১৫/এ নাম্বার বাড়ির আন্ডারগ্রাউন্ডে গড়ে তোলা চারটি মুদি দোকান এবং একটি সেলুনও ভেঙ্গে দেওয়া হয়। এ ছাড়া আরেকটি বাড়ির পার্কিং শেডের নীচে অবৈধভাবে নির্মিত দুটি দোকানও রাজউকের দল ভেঙ্গে দেয়।
পরে রাজউকের দল ২৭ নাম্বার সড়কে ‘শর্মা প্যালেস’ নামে একটি বহুতল ভবনের নীচ তলা ও দ্বিতীয় তলায় নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা কমপক্ষে ১০ টি দোকান গুড়িয়ে দেয়।
অভিজাত বিপনী বিতান ‘জেনেটিক প্লাজার’ বেজমেন্টে পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানে অবৈধভাবে গড়ে তোলা ডিপার্টমেন্টাল স্টোর পিকিউএস এবং ডিফার্ম হাসপাতাল রাজউক কর্মীরা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। ভবনটির প্রবেশপথের সিড়িও ভেঙ্গে ফেলা হয়।
এছাড়া ছয় তলা ওই ভবনটির উপর অনুমোদন ছাড়াই টিনশেড আরো একটি অতিরিক্ত তলা নির্মাণ করা হয়েছিল। অভিযানের সময় অতিরিক্ত তলার মালামাল অপসারণ করা হয়।
ডিপার্টমেন্টাল স্টোর পিকিউএস এর মালিক এসএমএ হারুন সোহেল অভিযোগ করেছেন, কোন প্রকার আগাম নোটিশ না দিয়ে অন্যায়ভাবে তার দোকান ভেঙ্গে ফেলা হয়েছে। এছাড়া রাজউকের নকশা অনুসরণ করেই দোকানটি নির্মাণ করা হয় বলেও তিনি দাবি করেন।
তবে রাজউকের নির্বাহী প্রকৌশলী দিদারুল ইসলাম শামীম নফহবংি২৪.পড়স কে বলেছেন, তারা আগেই এ ব্যাপারে নোটিশ দিয়েছিলেন। এছাড়া নীতিমালা অনুযায়ী কোন ভবনের বেজমেন্টে বাণিজ্যিক স্থাপনা তৈরির নিয়ম নেই।
রাজউকের অভিযানকারী দল পরে ‘ধানমন্ডি টাওয়ারের’ বেজেমেন্ট নির্মিত অবৈধ স্থাপনা এবং নীচ তলায় অনুমোদন ছাড়া গড়ে তোলা ‘প্রমিনেন্ট সুইটস’ নামে একটি মিষ্টির দোকান ভেঙ্গে দেয়।
পাশেই আরেকটি বহুতল ভবনের নীচ তলায় নির্মাণ করা ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের একটি এটিএম বুথও এ সময় বুলডেজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়। এছাড়া ভবনটির প্রবেশপথের সিড়ি এবং সংলগ্ন একটি টিনের ছাউনিও গুড়িয়ে দেওয়া হয়। এ সময় কয়েক জন ভবন মালিক বাধা দেওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মৃদ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অভিযানকারী দল পরে রহমান প্লাজা নামে একটি নির্মাণাধীন ভবনের নীচ তলার ১২টি দোকান ভেঙ্গে দেয়। এছাড়া গেটকার্ড ফার্মেসী, ক্যালিফোর্নিয়া পেস্ট্রি সপ, অনিকা ট্রেডার্স এবং কোডাকের একটি কালার ল্যাবসহ আরো কমপক্ষে ১০টি দোকানের অবৈধ অংশ ভেঙ্গে দেওয়া হয়েছে।
এদিকে রাজউকের অভিযান চলার কারণে ধানমন্ডি ২৭ নাম্বার সড়ক এবং এর আশেপাশের বিভিন্ন রাস্তায় শনিবার সারা দিনই তীব্র যানজট দেখা দেয়।
