যৌথ বাহিনীর হাতে আটক বান্দরবানের আদিবাসী নেতা হাসপাতালে
বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ম্রো আদিবাসী জনগোষ্ঠীর নেতা রাংলাই ম্রোকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদিবাসী নেতা ম্রোকে অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার রাত দুইটার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এই ওয়ার্ডের কর্তব্যরত ডাক্তার সুমন চৌধুরী জানান, তার শরীরের অবস্থা এখন ভাল নয়। তার হার্টে সমস্যা দেখা দিয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এস আই রতন দাশ জানান, অসুস্থ অবস্থায় বান্দরবানের সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে রাত দুইটায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
যৌথ বাহিনী রাংলাই ম্রোকে বৃহস্পতিবার রাত তিনটায় বান্দরবানের উজানপাড়ায় তার নিজ বাসা থেকে আটক করে। শুক্রবার সকালে তাকে সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়।
