২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর পল্টন ও কেরানীগঞ্জ থেকে ৩ জনের লাশ উদ্ধার

পল্টন ও কেরানীগঞ্জ থানা পুলিশ শুক্রবার তিন জনের লাশ উদ্ধার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2007, 10:50 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় আলাদা আলাদা মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায়, কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের সহিদনগরে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা জুম্মা (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে।

নিহতের স্ত্রী সোনিয়া জানান, জুম্মা বৃহস্পতিবার সকালে কাজের জন্য ঢাকার ইমামগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়ার পর রাতে আর বাড়ি ফেরেনি। পরে শুক্রবার সকালে এলাকাবাসী সহিদনগর বালুর মাঠে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে। কেরানীগঞ্জ থানা পুলিশ সকাল ১১ টায় শহিদনগর বালুর মাঠ থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

অন্যদিকে উপজেলার বোনাকান্দিতে ইয়ারন (২২) নামে এক গৃহবধুকে তার স্বামী ও দেবর পিটিয়ে হত্যা করেছে অভিযোগ পাওয়া গেছে। 

পুলিশ জানায়, উপজেলার বোনাকান্দি এলাকার তোতা মিয়ার ছেলে রফিকুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রী ইয়ারনকে মারধর করলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে তার মৃত্যু হয়। এসময় ক্লিনিকের বারান্দায় ইয়ারনের লাশ রেখে তার স্বামী ও শুশুর বাড়ির লোকজন পালিয়ে যায়।

নিহতের বাবা আশু মিয়া বাদি হয়ে কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

এদিকে রাজধানীর পল্টন থানা পুলিশ শুক্রবার সকালে শান্তিনগর পীরসাহেব গলি থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে।

তার পরণে কালো প্যান্ট এবং চেক শার্ট ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছে।