২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক ও আগ্নেয়াস্ত্র বিক্রির দায়ে কুড়িগ্রামে ৪ জন আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শুক্রবার দুপুরে র‌্যাব অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও হেরোইনসহ চারজনকে আটক করেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2007, 05:45 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা র‌্যাব--৪ এর একটি দল লে. কমান্ডার ইফতেখার চৌধুরীর নেতৃত্বে অস্ত্র ক্রেতার ছদ্মবেশে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। তারা পয়েন্ট ৩৮ বোরের দুটি আমেরিকায় তৈরি রিভলবার এবং ৪ রাউন্ড গুলিসহ অস্ত্র বিক্রেতা খলিলুর রহমান সাদু (২৮) ও আবুল কালাম আজাদকে (৩৫) আটক করে।

এরপর সাদু ও আজাদের স্বীকারোক্তি অনুসারে সীমান্ত সংলগ্ন দক্ষিণ ধলডাঙ্গা গ্রাম থেকে লুৎফর রহমান (২৮) ও ভারতীয় নাগরিক মজিদ শেখকে (২৫) ১০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। মজিদ শেখের বাড়ি ভারতের গাড়ল কোর গ্রামে।

আটক চারজনকে ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে তিনটি মামলা দায়ের করা হয়েছে।