কারাগারে পাঠানো হলো ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে
আত্মসমর্পণের পর ঢাকা সিটি কর্পোরেশনের ৫৬ নং ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বেলা ২ টা ২৫ মিনিটে এ আদেশ দেন ঢাকার মুখ্য মহাগনগর হাকিম (সিএমএম) আদালতের হাকিম মীর আলী রেজা।
গত ২৬ ডিসেম্বর নির্বাচন কমিশন কার্যালয়ের উত্তর গেটের সামনে দাঙ্গা ও মারামারির ঘটনায় রমনা থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় আত্মসমর্পণের জন্য আদালতে হাজির হন চৌধুরী আলম।
তার আইনজীবী সানাউল্লাহ মিঞা মুখ্য মহানগর হাকিম জালাল আহমেদের কাছে চৌধুরী আলমের আত্মসমর্পণের আবেদন জানান।
জালাল আহমেদ আবেদনটি শুনানির জন্য মহানগর হাকিম শামসুল আলমের কাছে পাঠান।
কিন্তু শামসুল আলম শুনানি গ্রহণ না করলে রমনা থানা এলাকার মামলা শুনানির জন্য বৃহস্পতিবারের নির্ধারিত হাকিম মীর আলী রেজার এজলাসে মক্কেল নিয়ে হাজির হন সানাউল্লাহ।
বেলা ২টায় শুনানি শুরু হয়। শুনানি শেষে চৌধুরী আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পাশাপাশি ৬৫ ধারার আবেদনটি নাকচ করে দেন মহানগর হাকিম।
দুর্নীতি দমন কমিশনের তালিকাভুক্ত ৫০ জনের মধ্যে চৌধুরী আলমের নামও ছিল।
