সাবেক অর্থমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরকারী ঠিকাদারকে এক মাসের আটকাদেশ
সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে আলোচিত সিলেটের ঠিকাদার নূরুজ্জামানকে বৃহস্পতিবার সন্ধ্যায় একমাসের আটকাদেশ দিয়েছে আদালত।
সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ আহমদের আবেদনের প্রেক্ষিতে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আবদুল হাই আল মাহমুদ তাকে এই আটকাদেশ দেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ঠিকাদার নূরুজ্জামান কীন সেতুর পাশ দিয়ে মোটর সাইকেলে করে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে আইন-- শৃঙ্খলা বাহিনী। পরে তাকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়। বেলা দেড়টায় ঠিকাদার নূরুজ্জামানকে আদালতে নিয়ে যাওয়া হয়।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ আহমদ বলেন, জরুরি বিধিমালা অধ্যাদেশ - ২০০৭ এর আওতায় দরপত্রে অনিয়ম, ভূমি দখলসহ বিভিন্ন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঠিকাদার নূরুজ্জামান গত ১৬ ফেব্র“য়ারি রাতে সাবেক অর্থমন্ত্রী ও বিএনপি দলীয় সাংসদ সাইফুর রহমান এবং তার ছেলেসহ নয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে সিলেট কোতয়ালি থানায় মামলা দায়ের করেন। পরদিন সাইফুর রহমানের নাম বাদ দিয়ে আটজনকে আসামী করে মামলা নথিভুক্ত করা হয়।
