চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের তেলকূপি সীমান্তে বুধবার মধ্যরাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
নিহতের নাম আলম মিয়া (২৬)। তিনি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের তেলকূপি গ্রামের সুলতান মিয়ার ছেলে।
বাংলাদেশ রাইফেলস ৩৯ ব্যাটালিয়নের অপারেশনস অফিসার মেজর আবুল হাসান মো. তৌফিক মাহমুদ জানান, বুধবার রাত সাড়ে ১২ টার দিকে কয়েকজন যুবক তেলকূপি সীমান্তের ১৮০/৪ এস পিলারের কাছ দিয়ে কাটা তার কেটে ভারতীয় ভূ--খন্ডের দেড়শ গজ ভিতরে প্রবেশ করলে ভারতের মালদহ জেলার চুরি অনন্তপুর ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় আলম মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় তেলকূপি বিওপির কোম্পানি কমান্ডার চুরি অনন্তপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডারকে লাশ ফেরত চেয়ে চিঠি দিয়েছে।
