২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মশারা ডিম পাড়ে মফস্বলে!

রাজধানীতে মশার বিস্তার ও প্রজনন সংক্রান্ত তথ্যের তেমন কিছুই জানে না ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। মশার সীমাহীন উপদ্রবে নগর জীবন যখন অতিষ্ঠ ডিসিসি কর্তারা তখন দিব্যি বলছেন, এ শহরে বন্ধ রয়েছে মশার প্রজনন। এমনকি গত তিন বছরে ঢাকায় মশার একটিও ডিম অথবা লার্ভা খুঁজে পাননি তারা!

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 10:24 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

ডিসিসির কীটতত্ত্ববিদ নাসিম--উস--সিরাজের দাবি-- রাজধানীর মশাদের সবাই আসছে শহরের বাইরে থেকে। ডিসিসির জোর নজরদারির কারণে এসব অতিথি মশার একটিরও সুযোগ নেই ঢাকার বুকে বংশবৃদ্ধি করার।

নাসিম--উস--সিরাজের আরো দাবি ঢাকায় মশার আনাগোনা এবং তাদের পরিমাণের সব তথ্যই আছে তাদের কাছে। সেই ২০০০ সাল থেকে এ ব্যাপারে প্রতিবছর জরিপ করছে তারা। প্রথম দিকে জরিপটি ডিসিসির তত্ত্ববধানে চললেও গত কয়েক বছর ধরে কাজটি করছে এপিডেমিওলজি ইনস্টিটিউটের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর)।

আইইডিসিআর অবশ্য এ দাবি ডাহা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। সংস্থাটি বলেছে শুধু এখন নয় কোনো কালেই তারা ডিসিসির তথ্য সংগ্রহের সঙ্গে জড়িত ছিল না।

মশা নিয়ে ডিসিসির মশকরা খুব নতুন কিছু নয়। তবে প্রজনন সংক্রান্ত তাদের উদ্ভাবনে নগরবাসী হয়ত এই ভেবে স্বস্তি পাবেন যে, শীত কাটলেই যাযাবর অতিথি পাখির মতো ঢাকার মশারাও ফিরবে আপন ঠিকানায়। স্বস্তি মিলবে জনজীবনে!

বিশ্বের অন্য দেশে মশার প্রজনন ও বিস্তার জানার জন্য নির্দিষ্ট সময় পর পর জরিপের ব্যবস্থা রয়েছে। জরিপের উপাত্তের ভিত্তিতেই নেওয়া হয় মশা নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ। এ ধরনের জরিপের সময় সাধারণত মশার ডিম ও লার্ভা গণনা করে একটি ব্র“টো সূচক (নৎঁঃবধীঁ রহফবী) তৈরি করা হয়। এই সূচক থেকেই শহরের কোন এলাকায় মশার প্রজনন হার কেমন সেটি বের করেন বিশেষজ্ঞরা।

ডিসিসি-র উদ্যোগে ২০০০ সালে প্রথমবারের মতো কীটতত্ত্ববিদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল রাজধানীর বিভিন্ন এলাকা ও বাড়ি থেকে মশার প্রজনন সম্পর্কিত তথ্য সংগ্রহ শুরু করে। সে সময় এলিফ্যান্ট রোড, উত্তর ধানমন্ডি, বংশাল, শাঁখারী বাজার, তাঁতীবাজার এবং গ্রিন রোড এলাকায় ডেঙ্গিবাহী এডিস মশার বিস্তার আশঙ্কাজনক বলে প্রমাণ মিলেছিল।

ডিসিসির কীটতত্ত্ববিদ নাসিম-উস-সিরাজ নফহবংি২৪.পড়স কে জানান, ডিসিসি-র পক্ষ থেকে না হলেও তথ্য সংগ্রহের এখনো নিয়মিতভাবে চলছে। গত কয়েক বছর ধরে তথ্য সংগ্রহের কাজটি করছে এপিডেমিওলজি ইনস্টিটিউটের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর)।

তবে ঠিক এর বিপরীত কথাটি বললেন আইইডিসিআর --এর পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান। তিনি বলেন, আইইডিসিআর কখনোই ডিসিসির কোনো তথ্য সংগ্রহের কাজ করেনি।

মাহমুদুর রহমান বলেন, “আমরা তাদের (ডিসিসি) পাঠানো নমুনা কীটের বংশবিস্তারের পদ্ধতি কেবল পরীক্ষা করে থাকি। এছাড়া অন্য কোনো পরীক্ষা অথবা তথ্য সংগ্রহে আমরা জড়িত নই।”

সাম্প্রতিক সময়ে রাজধানীর কয়েকটি এলাকায় ব্যাপকভাবে বেড়েছে মশার উপদ্রব। পর্যাপ্ত কীটনাশক থাকলেও তথ্য ঘাটতির কারণে ব্যহত হচ্ছে ডিসিসির মশক নিধন কার্যক্রম।

তবে নাসিম--উস--সিরাজের কথায় অবশ্য জোরদার কার্যক্রমের কথাই জানা গেছে। তিনি বলেন, শহরের দশটি অঞ্চলে সকাল ৮টা থেকে ১১টা ও বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত দুইবার কীটনাশক ছিটানো হয়। এ ছাড়া, জলাশয় পরিষ্কার রাখতে ডিসিসি বছরে খরচ করে এক কোটি ১৪ লাখ টাকা। শহরে ছোট বড় মিলিয়ে ৫ হাজার ৯৪৮ বিঘা জলাশয়ের সবগুলোই ফি বছর ঝেড়ে মুছে সাফ করে তারা।

কথা বলার এক ফাঁকে সম্ভবত ‘মশকরা’ করেই তিনি বলেন, প্রায় তিন বছর হলো তিনি দায়িত্ব নিয়েছেন। এর পর থেকে শহরে কোনো মশার ডিম অথবা লার্ভা পাওয়া যায়নি।

ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সুর অবশ্য কিছুটা ভিন্ন। মশার উপদ্রবের দায়ভার অনেকটাই চাপালেন সীমিত বাজেটসহ ‘কিছু সমস্যার’ ওপর।  নফহবংি২৪.পড়স কে তিনি জানান, কিছু সমস্যা থাকার কারণে ডিসিসি মশক বৃদ্ধি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না।

মেয়র বলেন, “আমরা সম্পূর্ণভাবে মশা নিধন করতে পারব না। তবে এর বিস্তার আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যা নাগরিকদের জন্য সমস্যা হয়ে উঠবে না।” এ প্রসঙ্গে তিনি গত শনিবার থেকে কীটনাশক ছিটানোর কার্যক্রম বৃদ্ধির কথা জানান।