নিজের গ্রামে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ভাষা সৈনিক আব্দুল মতিন
ভাষা আন্দোলনের সামনের কাতারের সৈনিক ছিলেন তিনি। অথচ আব্দুল মতিনের নিজের গ্রামেই কি না ভাষা আন্দোলনের ৫৫ বছর পরেও নেই কোনো শহীদ মিনার! শৈলজনা গ্রামের সেই অপূর্ণতা অবশেষে পূরণ হতে যাচ্ছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আব্দুল মতিনের হাত দিয়েই শুরু হয়েছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এই প্রত্যন্ত গ্রামে শহীদ মিনার নির্মাণের কাজ। শৈলজনা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বুধবার সকাল ১১ টায় স্থায়ী শহীদ মিনার ও একটি পাঠাগারের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন এই ভাষা সৈনিক।
এর আগে একুশে ফেব্র“য়ারিতে গ্রামবাসীরা এই বিদ্যালয় মাঠে কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন। বিষয়টি জানার পর বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা যমুনার এই দুর্গম চরে শহীদ মিনার তৈরির উদ্যোগ নেয়।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে প্রশিকার উদ্যোগে একটি স্মরণসভার আয়োজন করা হয়। এ সভাতেও প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক আব্দুল মতিন। গোলাম হোসেনের সভাপতিত্বে এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রশিকার চেয়ারম্যান ড. কাজী ফারুক আহমেদ, আব্দুল মতিনের স্ত্রী গুলবদননেছা মনিকা, প্রশিকার নির্বাহী পরিচালক নার্গিস জাহান বানু, স্থানীয় ইউপি চেয়ারম্যন মতিন মন্ডলপ্রমুখ।
