এবার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর এলাকায় ত্রাণের টিন উদ্ধার
চাঁদপুরের কচুয়া ও মতলব উপজেলার বিভিন্ন স্থান থেকে যৌথবাহিনী ১৭৬ পিস ত্রানের ঢেউটিন উদ্ধার করেছে। এর মধ্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি দলীয় সাবেক সাংসদ আ ন ম এহছানুল হক মিলনের মায়ের নামের প্রতিষ্ঠান থেকে উদ্ধার করা হয়েছে ৬৫ পিস ঢেউটিন।
মঙ্গলবার বেলা ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওইসব ঢেউটিন উদ্ধার করা হয়।
চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. নরুল বাসির নফহবংি২৪.পড়স কে জানান, যৌথবাহিনী প্রথমে কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের হেদায়েত উল্লাহর ঘর থেকে ২৮ পিস, রহিমা বিবির ঘর থেকে ২৬ পিস, সোলেমানের ঘর থেকে ২১ পিসসহ মোট ৭৫ পিস ত্রাণের ঢেউটিন উদ্ধার করে।
এসব টিন আগের দিন রাতে চিহ্নিত করা হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এরপর যৌথবাহিনী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের মায়ের নামে স্থাপিত কান্দিরপাড় মাহমুদা হক কারিগরি দাখিল মাদ্রাসা থেকে ৬৫ পিস ঢেউটিন, ওই মাদ্রাসার এক কর্মকর্তার আত্মীয়ের মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর গ্রামের ঘরের চালা থেকে ৩৬ পিস ত্রাণের ঢেউটিন উদ্ধার করে।
তিনি বলেন, সব মিলিয়ে মোট ১৭৬ পিস ঢেউটিন উদ্ধার করা হয়েছে। ত্রাণের ঢেউটিনগুলো প্রকৃত দুস্থ ও গরীব লোকজনের মাঝে বিতরণ করা হবে।
তিনি আরও জানান, কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বীরা সাচার রথে ২২ বান্ডেল ত্রাণের ঢেউটিন ব্যবহার করে আসছিল।
ওইসব টিন জব্দ করতে গেলে ব্যবহারকারিা দাবি করে যে, টিনগুলো হিন্দু দুস্থদের মধ্যে দান করা হয়েছিল এবং এগুলো তারা সাচার রথে ব্যবহার করেছে।
তবে ত্রাণের ওইসব টিনগুলো সত্যিকার অর্থে গরীব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছিল নাকি লুটপাট করা হয়েছে সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
