সব পথ গিয়ে মিলছে শহীদ মিনারে
ঢাকার উপকন্ঠের উত্তরা থেকে এসেছেন ইমরান, প্রতিবার যেমন আসেন। তিনি জানেন, কমপক্ষে আধঘন্টা অপেক্ষা করতেই হবে। অপেক্ষা করলেন। এখানে এসে বিশ্ববিদ্যালয়ের সপ্রাণ তরুন মুয়ীদ, অলীক ও জনিদের সঙ্গে মিলে তিনিও ফুল হাতে বরাবরের মতো বিনম্র শ্রদ্ধায় নত হলেন শহীদ মিনারের পাদদেশে।
তারমতো আশেপাশের সবার হাতেই ফুল। বয়স, পেশা, লিঙ্গ ভেদাভেদ কোনকিছুই আটকে রাখতে পারেনি কাউকে। দৃষ্টিটা বিস্তৃত করতেই ইমরান দেখলেন মানুষ। মানুষ আর মানুষ। অজস্র মানুষ। মানুষের যেন মেলা বসেছে আজ। মানুষের এই মেলা ঘুরে এসে একুশের রাতের কথা বলছেন আবু নোমান সজীব ও রিয়াজুল বাশার।
মুখ চোখে সবার ধীর-স্থির ভাব। শোকের আবহটা বিমর্ষ করে রেখেছে তাদের। কিন্তু বিমর্ষ চোখের আড়াল থেকে গর্বের ঝিলিকটাও ক্ষণে ক্ষণে বেরিয়ে আসছে আলোর রেখার মতো।
এই যে শোক, এটা যেমন একুশকে স্মরণ করে, তেমনি চোখ ঠিকরে বেরিয়ে আসছে যে আলো তারও উৎস সেই একুশেই গাঁথা।
একুশে ফেব্র“য়ারি। বাঙালির জাতীয় ইতিহাসের এক বেদনার দিন, গৌরবের দিন। মায়ের ভাষার সম্মান রক্ষায় অসাধারণ আত্মত্যাগের স্মৃতিতে ভাস্বর এই দিনটিকে ঘিরে বাঙালির শোক আর শ্রদ্ধার উৎসব শুরু হয় ফুলে ফুলে, গানে গানে।
মঙ্গলবার মধ্যরাতে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র“য়ারি, আমি কি ভুলিতে পারি’--- প্রভাতফেরির এই অবিস্মরণীয় গানের সুর আর হাত ভরা ফুলের অঞ্জলিতে হাজারো মানুষের মিছিল গিয়ে মেলে কেন্দ্রীয় শহীদ মিনারে।
এর আগে সন্ধ্যা থেকেই শহীদ মিনারকে ঘিরে ছিল নিরাপত্তার ঘেরাটোপ। নিরাপত্তার জন্য শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ পুরো নগরীতে সেনা বাহিনী, বিডিআর, র্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ১০ হাজার সদস্য মোতায়েন করা হয়। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা শহীদ মিনার এলাকার শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সহায়তা করেন।
সন্ধ্যা ৬ টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। নীলক্ষেত কিংবা চাঁনখারপুল মোড় থেকে পলাশী ঘুরে কেবল হেঁটেই ঢুকতে হয়েছে শহীদ মিনারে। বেরিয়ে যাওয়ার পথ ছিল দোয়েল চত্বর ঘুরে হাইকোর্ট অথবা চানখারপুলের দিক থেকে। কিন্তু তাতেও আটকানো যায়নি মানুষের ঢল।
একুশের প্রথম প্রহরে ১২টা এক মিনিটে শহীদ মিনারে প্রথম ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। এরপরই প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর আসেন স্পিকার জমির উদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এবং ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।
তাদের পর বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত প্যাট্রেসিয়া বিউটিনিস, যুক্তরাজ্যের হাইকমিশনার আনোয়ার চৌধুরী, ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। এছাড়া জাতিসংঘ ও ওআইসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।
কুটনীতিবিদদের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএমএ ফায়েজ, ঢাবি শিক্ষক সমিতি, অ্যালামনাই এসোসিয়েশন শ্রদ্ধা জানান।
১২টা ১৪ মিনিটে শহীদদের বেদীমূলে ফুল দেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে ছিলেন আব্দুল মান্নান ভূইয়া, সাইফুর রহমান, মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, ওসমান ফারুক প্রমূখ।
১২টা ২৩ মিনিটে শহীদ মিনারে ফুল দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এসময় তার সঙ্গে ছিলেন আব্দুল জলিল, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, সুরঞ্জিৎ সেন গুপ্ত, সাবের হোসেন চৌধুরী, ওবায়দুল কাদের প্রমূখ।
আনুষ্ঠানিকতার পালা শেষ হলে সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার। এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রতি বছরে তুলনায় এবার শহীদ মিনার এলাকার পরিবেশ ছিল অনেকটাই সুশৃঙ্খল। শহীদ বেদিতে পুস্পস্তবক অপর্ণের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ালেও তাদের খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি।
রাজধানীর ডেমরা থেকে আসা আইনাল হক রাত তিনটায় নফহবংি২৪.পড়স কে বলেন, “অন্যান্য বারের তুলনায় এবার সার্বিক পরিবেশ খুবই গোছালো। এবার রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীদের বিশৃঙ্খলা একেবারেই চোখে পড়েনি।”
“শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপণে কোন বিশৃঙ্খলা না হলেও অন্যান্য বারের তুলনায় এবার প্রাণোচ্ছ্বলতা ছিল কম।” বললেন বুয়েটের রসায়ন প্রকৌশল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম শোভন।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে আসা জলসিঁড়ি সাংস্কৃতিক সংগঠনের সদস্য সজীব, মমিন, হ্যাপি, রাবু, অনি, তরুন, মৃদুল এবং অনিন্দা নফহবংি২৪.পড়স কে জানান, প্রাণের টানে তারা ছুটে এসেছেন শহীদ মিনারে। তারাও এবারের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
রাজধানীর বাসাবো থেকে আসা ‘সত্য সুন্দর মঙ্গলময় সংগঠন’ এর সাধক মেহেদী ও তার দলের সদস্যরা জানালেন, শহীদরা ভাষার জন্য রক্ত দিয়েছেন। এ কারণে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এখানে আসা।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, রাজু স্মারক ভাস্কর্য, কলাভবন, ডাকসু ও মধুর ক্যান্টিনসহ পুরো ক্যাম্পাসই রাতভর ছিল মুখরিত। গণসাংস্কৃতিক ফ্রন্ট, প্রপদ ও বিবর্তনসহ বিভিন্ন সংগঠন সারারাত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অংশ নেওয়া প্রপদের সদস্য সাজ্জাদ, জেরিন, তানিয়া ফেরদৌসি, মাহবুব ও মোস্তফা জানান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাতব্যাপী গণসঙ্গীত পরিবেশন করবেন।
টিএসসি ও শহীদ মিনারের আশপাশ এলাকার ফুটপাতে পতাকা, ফেস্টুন, ব্যানার, মুখোশ ও খাদ্যদ্রব্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।
একুশে ফেব্র“য়ারি অবশ্য এখন আর কেবল আমাদের শহীদ দিবস নয়। এখন এটা এক আন্তর্জাতিক উৎসবের দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১৯৯৯ সালের নভেম্বর মাসে একুশে ফেব্র“য়ারিকে এই স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। প্রস্তাবটা ছিল বাংলাদেশেরই, তবে প্যারিসে ইউনেস্কোর ১৭তম সাধারণ সম্মেলনে ওঠা এই প্রস্তাবে সমর্থন ছিল মোট ২৮টি দেশের। সেই থেকে সারা বিশ্ব জুড়েই একুশে ফেব্র“য়ারি পালিত হচ্ছে এক বিশেষ মর্যাদায়।
কিন্তু বাংলাদেশের কথাটা তারপরও আলাদাই। একুশে ফেব্র“য়ারি যে বাঙালির আত্মপরিচয়ের সন্ধান। বাঙালির জাতীয় জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এই স্মৃতিময় দিনটি এবার এসেছে দারুণ এক সংকটের কালে। বাংলাদেশ যে এই মুহূর্তে অতিক্রম করছে এক ক্রান্তিকাল, পরিবর্তনের এই সময়ে সঠিক পথে চলতে নিতে একুশের চেয়ে বড় প্রেরণা আর কী হতে পারে?
১৯৫২ সালের এই দিনে ঢাকা মেডিকেল হোস্টেল গেটের সামনে ভাষার দাবিতে মিছিল করতে গিয়ে পুলিশের গুলিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন আবুল বরকত, রফিকউদ্দিন আহমদ আর আব্দুল জব্বার।ওই দিনই আহত হয়ে ৭ এপ্রিল মারা যান আব্দুস সালাম।
একুশের চেতনার বীজ কিন্তু কেবল এই একটি দিনের ঘটনাতেই নয়। আরো অনেক গভীর এর তাৎপর্য, আরো অনেক বি¯তৃত বাঙালির জীবনে এর প্রভাব।
মানুষের সভ্যতার ইতিহাস বলছে, ভাষাকে ঘিরেই এর বিকাশ। আর মানুষ এই ভাষার প্রথম পাঠ নেয় মায়ের কাছ থেকেই। মায়ের ভাষার গুরুত্বটা তাই অন্য রকম। কিন্তু ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর প্রথমে সেটা বুঝতে চাননি পাকিস্তানের প্রবক্তারা। পাকিস্তানের বেশির ভাগ মানুষের মায়ের ভাষা বাংলাকে উপেক্ষা করে তারা কেবল উর্দুকে পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিলেন।
এটা কিন্তু কেবল ভাষারই প্রশ্ন ছিল না। বাঙালি ঠিকই বুঝতে পেরেছিল, এটা আসলে জাতিগত নিপীড়নেরই এক হাতিয়ার। তাই শুরু থেকেই প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা। সেই ১৯৪৮ সাল থেকেই। ১৯৫২ সালের একুশে ফেব্র“য়ারি ছিল সেই ধারাবাহিক আন্দোলনেরই একটি পর্যায়। তবে রফিক--জব্বার--সালাম--বরকতদের আত্মত্যাগ এই অধ্যায়টাকে দিয়েছে অন্য রকম উজ্জ্বলতা।
১৯৫২ সালের এই দিনে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করার সিদ্ধান্ত নিয়ে গুলির সামনে বুক পেতে দেওয়া এই শহীদদের আত্মত্যাগে ¯ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছিল এই আন্দোলন। এই ঘটনার একদিন পর ২৩ ফেব্র“য়ারি মেডিকেল কলেজ হোস্টেলের সামনে গড়ে তোলা হয় প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ। ২৬ তারিখে পুলিশ সেটা গুঁড়িয়ে দিলেও বাঙালির স্মৃতিতে অম্লান হয়ে থেকেছে স্মৃতির মিনার। তারই পথ ধরে আন্দোলনের ফসল হিসেবে ১৯৫৬ সালে সরকারিভাবেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় শহীদ মিনার।
আর এরপর থেকে বাঙালির অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে প্রেরণার উৎস হয়ে থেকেছে একুশে ফেব্র“য়ারি। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭০-এর নির্বাচন আর সবশেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ--- সব আন্দোলনেই আলোর দিশারী হয়ে ছিল এই একুশে ফেব্র“য়ারি।
বাঙালির জাতীয়তাবাদী আন্দোলনের এই প্রতিটি স্তরেই রাজনীতি আর সংস্কৃতির বিচরণ ছিল পাশাপাশি।
সেই প্রেরণা হারিয়ে যায়নি এখনো। এবারের একুশে ফেব্র“য়ারি উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ মনে করিয়ে দিয়েছেন সে কথাই, “সকল অন্যায়, অবিচার, অসত্য ও বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে মহান ভাষা দিবস আমাদের দৃপ্ত চেতনায় উদ্বুদ্ধ করে।”
তিনি আশা প্রকাশ করেছেন, একুশের চেতনা আমাদের সবার মধ্যে ঐক্য ও সম্প্রীতির সেতুবন্ধন রচনা করবে।
একই আশা প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদের বাণীতেও, “জাতি হিসেবে আজ আমাদের সামনে যে সকল কঠিন চ্যালেঞ্জ ও সংকট বিদ্যমান--- তা থেকে উত্তরণে সবচেয়ে বেশি প্রয়োজন দেশপ্রেম ও জাতীয় ঐক্য। আমার বিশ্বাস, অমর একুশের চেতনা মহান দেশপ্রেম ও জাতীয় ঐক্য গড়ে তুলতে আমাদের শক্তি ও সাহস যোগাবে।
