২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একজন বিচারক নিয়োগে শুরু হতে পারে ছয় বছর ধরে ঝুলে থাকা বঙ্গবন্ধু হত্যা মামলা

মাত্র একজন বিচারক নিয়োগের মাধ্যমেই শুরু হতে পারে দীর্ঘ ছয় বছর ধরে ঝুলে থাকা বঙ্গবন্ধু হত্যা মামলার কার্যক্রম। কেননা নিয়ম অনুযায়ী তিনজন বিচারক না হলে আপিল বিভাগ এ মামলার আপিল শুনানির জন্য নিতে পারবে না। (আরও তথ্যসহ এবং সমন্বিত)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 07:25 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বঙ্গবন্ধু হত্যা মামলা শুনতে পারেন আপিল বিভাগে এখন এরকম দুইজন বিচারক রয়েছেন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘ দিন ধরে অচল হয়ে থাকা আলোচিত এ মামলাটির শুনানির উদ্যোগ নেবেন বলে অনেকেই আশা করছেন। বিস্তারিত জানাচ্ছেন অমিত তালুকদার।

আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্ট বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারককে আপিল বিভাগে নিয়োগ দিলেই এ মামলার আপিলের শুনানি শুরু হওয়া সম্ভব। এমনকি এডহক ভিত্তিতে  কোনো বিচারককে নিয়োগ দেওয়া হলেও মামলাটির শুনানি হতে পারে। গত পাঁচ বছর মেয়াদকালে এ উদ্যোগটি নেয়নি গত সরকার। বরং বিচারকদের অবসর নেওয়ার বয়স দুই বছর বাড়ানোর ফলে আপিল বিভাগে মামলাটির শুনানি করতে পারবেন এমন বিচারকের সংখ্যা আর বাড়েনি।

তাছাড়া প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের বয়স সাতষট্টি বছর পূর্ণ হওয়ায় তিনি আগামী ২৮ ফেব্র“য়ারি অবসরে যাচ্ছেন। এরপর হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারক মোঃ হাসান আমিন বা বিচারপতি এ কে বদরুল হককে আপিল বিভাগে নিয়োগ দিলেই এ মামলার শুনানির অচলাবস্থা দূর হবে। ফলে আগামী মার্চ মাসেই বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিগত জোট সরকারের আমলে ২০০২ সালের ১৯ মার্চ আপিল বিভাগে বঙ্গবন্ধু হত্যা মামলা মাত্র একবার শুনানির জন্য উঠেছিল। কিন্তু তখন শুনানি গ্রহণে আপিল বিভাগের দুই বিচারপতি বিব্রতবোধ করেছিলেন। এরপর থেকে এ পর্যন্ত মামলাটি আর একদিনের জন্যও আপিল বিভাগে উঠেনি। প্রয়োজনীয় সংখ্যক বিচারপতির অভাবে এ মামলার শুনানি স্থগিত রয়েছে। নিয়ম অনুযায়ী তিনজন বিচারক না হলে আপিল বিভাগ কোন মামলার আপিল শুনানির জন্য গ্রহণ করতে পারে না।

বর্তমানে আপিল বিভাগের সাত বিচারকের মধ্যে দুইজন এ মামলার শুনানি গ্রহণ করতে পারবেন। অপর পাঁচ বিচারপতি এ মামলার শুনানি গ্রহণ করতে পারবেন না। কারণ, প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, বিচারপতি এম এম রুহুল আমিন ও বিচারপতি আমিরুল কবির চৌধুরী ইতোপূর্বে এ মামলার শুনানি গ্রহণে বিব্রতবোধ করেছিলেন। অপরদিকে বিচারপতি মোঃ রুহুল আমিন ও বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বঙ্গবন্ধু হত্যা মামলায় হাইকোর্টে বিচার নিস্পত্তি করেছেন বলে তারা এ মামলার আপিলের শুনানি করতে পারবেন না।

বর্তমান আপিল বিভাগের বিচারপতি মোঃ তাফাজ্জাল ইসলাম ও বিচারপতি মোঃ জয়নুল আবেদীন এ মামলার আপিলের ওপর শুনানি গ্রহণ করতে পারবেন।

আগামী ২৮ ফেব্র“য়ারি প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন অবসরে যাবেন। অতপর হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি হাসান আমিন বা বিচারপতি এ কে বদরুল হককে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হলে বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানি গ্রহণের জন্য তিনজন বিচারপতি থাকবেন। তখন স্বাভাবিক নিয়মে এই হত্যা মামলার বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব। অবশ্য বিচারপতি মোঃ আবদুল মতিনকে নিয়োগ দেওয়া হলে এ সমস্যার সমাধান হবে না। কারণ তিনি হাইকোর্টে এ মামলার ওপর শুনানি গ্রহণে বিব্রতবোধ করেছিলেন।

বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানি নিস্পত্তি না হওয়া প্রসঙ্গে সাবেক এটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ সোমবার নফহবংি২৪.পড়স কে বলেছেন, আপিল বিভাগে বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানির জন্য বর্তমানে দুইজন বিচারক রয়েছেন। আর একজন বিচারককে হাইকোর্ট থেকে এডহক ভিত্তিতে নিয়োগ দিলেই মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়া সম্ভব। তাছাড়া আগামী ২৮ ফেব্র“য়ারি প্রধান বিচারপতি অবসরে যাবেন। তখন আপিল বিভাগে নতুন বিচারক নিয়োগ দেওয়ার পর শুনানি হলে বিষয়টি সকল বিতর্কের উর্ধ্বে থাকবে।

বর্তমান এটর্নি জেনারেল ফিদা এম কামালকে এ মামলার শুনানি গ্রহণের বিষয়ে কোন উদ্যোগ নেওয়া হবে কিনা-- প্রশ্ন করা হলে তিনি এই মুহূর্তে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

বঙ্গবন্ধু হত্যা মামলার রাষ্ট্রপক্ষের সাবেক কৌঁসুলী আনিসুল হক এ বিষয়ে নফহবংি২৪.পড়স কে বলেছেন, বিগত জোট সরকারের এ হত্যা মামলার বিচার আপিল বিভাগে শেষ করার কোন ইচ্ছা ছিল না। মামলাটির বিচার নিষ্পত্তির জন্য সরকার বা এটর্নি জেনারেল অফিস কোন উদ্যোগ নেয়নি। বরং ২০০২ সালের ১৯ ডিসেম্বর এ হত্যা মামলার রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলীদের অব্যাহতি দেওয়া হয়। তাছাড়া এ হত্যা মামলার পলাতক আট আসামীকে গ্রেফতারের জন্য কোন উদ্যোগ নেয়নি সরকার।

আনিসুল হক আরও বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরে অনেক বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার নিস্পত্তির জন্যও এ সরকার উদ্যোগ নিবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, এ সরকার দুর্নীতি, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলার সুষ্ঠু বিচার নিস্পত্তি না হওয়াটা একটা অন্যায়ের মধ্যে পড়ে। এ অন্যায়ের প্রতিকার দেশবাসী চায়।

এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী কর্নেল (অব:) সৈয়দ ফারুক রহমানের আইনজীবী খান সাইফুর রহমান বলেন, কর্নেল ফারুককে ১৯৯৬ সালের ১৩ আগষ্ট গ্রেপ্তার করা হয়েছিল। মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দী আসামীরা ১০ বছরের অধিক সময় জেল খাটার পর নতুনভাবে আর ফাঁসি কি? 

বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানি দ্রুত নিস্পত্তি হওয়া উচিত বলে মন্তব্য করে তিনি আরও বলেন, কর্নেল ফারুক সেনাবাহিনীর সদস্য। তার বিরুদ্ধে বিদ্রোহী কর্মকাণ্ডের যে অভিযোগ তা কোর্ট মার্শালের পরিবর্তে বেসামরিক আদালতে বিচার করায় বিচারে বিভ্রাট ঘটেছে। আপিল বিভাগ এ বিষয় বিবেচনায় নিলে কর্নেল ফারুক অব্যাহতি পাবেন। বিশ্বব্যাপী মানবাধিকার ও মানবিক কর্মকাণ্ড প্রাধান্য পাওয়ার বিষয় উল্লে¬খ করে খান সাইফুর রহমান মৃত্যুদণ্ড রহিত করার বিষয়ে  যুক্তি তুলে ধরেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামী মেজর (অবঃ) বজলুল হুদার আইনজীবী মাহবুবুর রহমান নফহবংি২৪.পড়স কে বলেন, এ মামলার লিভ টু আপিল আবেদন শুনানির উপায় রয়েছে। শুনানি করে আপিলের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। তাছাড়া যেহেতু মৃত্যুদণ্ডের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়েছে তাই আপিলের অনুমতি প্রদান করা স্বাভাবিক।

তিনি আরও বলেন, এ লিভ টু আপিল শুনানির জন্য যেহেতু তিন বিচারকের বেঞ্চ প্রয়োজন তাই হাইকোর্ট বিভাগ থেকে একজন বিচারপতিকে এডহক ভিত্তিতে নিয়োগ দিয়ে এর শুনানির ব্যবস্থা করা যায়।

১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালের ২ অক্টোবর দায়ের করা মামলার ভিত্তিতে ১৯৯৮ সালের ৮ নভেম্বর ঢাকার দায়রা জজ গোলাম রসুল ১৫ আসামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ২০০০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট এ মামলায় বিভক্ত রায় প্রদান করে। বিচারপতি মোঃ রুহুল আমিন ১০ আসামীর মৃত্যুদণ্ড বহাল রাখেন। অপর বিচারপতি এ বিএম খায়রুল হক ১৫ আসামীর ফাঁসির আদেশ বহাল রাখেন।

২০০১ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ১২ আসামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে ৩ জনকে খালাস প্রদান করেন। এই রায়ের বিরুদ্ধে কারাবন্দী চার আসামী লিভ টু আপিলের আবেদন করে আপিল বিভাগে।

২০০১ সালের ১৬ আগষ্ট এ মামলার লিভ টু আপিলের শুনানির তারিখ নির্ধারিত হয়েছিল। এরপর আট বার শুনানি মূলতুবি হবার পর মামলাটি আপিল বিভাগের কার্য তালিকা থেকে বাদ দেওয়া হয়। সর্বশেষ ২০০২ সালের ১৯ মার্চ আপিল বিভাগের ২ জন বিচারপতি শুনানিতে বিব্রতবোধ করার পর মামলাটি আর শুনানির জন্য কার্য তালিকায় আসেনি। সেই থেকে মামলাটির শুনানিতে অচলাবস্থা আর কাটেনি।

তাছাড়া ২০০২ সালের ১৫ ডিসেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলীদের সরকার অব্যাহতি দেয়। এরপর এ মামলার বাদীপক্ষের কোন আইনজীবী না থাকায় শুনানির জন্য তা আর আদালতে ওঠানো হয়নি।