২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান লংঘন করেই উচ্চ আদালতে উপেক্ষিত বাংলা ভাষা

সংবিধান লংঘন করেই দেশের উচ্চ আদালত বাংলার পরিবর্তে ইংরেজি ভাষার ব্যবহার চলছে। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা, সংবিধানে এ কথা স্পষ্ট লেখা থাকলেও সুপ্রিমকোর্টে বাংলার প্রচলন নেই বললেই চলে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 06:26 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

রাষ্ট্রের তিনটি বিভাগের মধ্যে নির্বাহী বিভাগ ও আইন বিভাগের সকল স্তরে বাংলা ভাষা পুরোপুরি চালু আছে। নিু আদালতেও এখন বাংলার প্রচলন হয়েছে। কিন্তু একমাত্র ব্যতিক্রম উচ্চ আদালত।

মহান ভাষা অন্দোলনের ৫৫ বছর পরেও উচ্চ আদালতে আইনজীবীদের যুক্তি উপস্থাপন, বিচারকদের রায় ও আদেশ দেওয়া সবকিছুই চলে বিদেশি ভাষা ইংরেজিতে। এখানে আইনজীবী ও বিচারকরা বক্তব্য রাখেন ইংরেজিতেই। যুক্তি হিসাবে বলা হয় দেশি-বিদেশি মামলার নজির ও অধিকাংশ আইনের বই ইংরেজিতে লেখা।

শুধু তা-ই নয়, সম্প্রতি বাংলায় লেখা একটি জামিনের আবেদনের ওপর শুনানি গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিলেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।

বিচারকরা বাংলায় শপথ নেন যুক্তি দেখিয়ে সংশ্লিষ্ট আইনজীবী বাংলায় বিচারকাজ করার আবেদন জানালে ওই বেঞ্চের বিচারক উত্তরে বলেছিলেন, ইংরেজি ভাষা প্রয়োগ উচ্চ আদালতের প্রথা হয়ে গেছে।

বিচারপ্রার্থী, আইনজীবী ও বিচারক সকলে বাঙালি হলেও এই প্রথার কথা বলে আর এরকম নানা যুক্তি দেখিয়েই উচ্চ আদালতের বিচারকাজ চলে ইংরেজিতে।

কিন্তু যেসব আদেশ ও রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা হয় তার অধিকাংশই বাংলায় লেখা।

আইনজীবীরা বলছেন, সংবিধান অনুসারে রাষ্ট্রভাষা বাংলা হওয়ায় আদালতের কাছে বাংলায় রায়সহ বিচারকাজ প্রত্যাশা করা জনগণের সাংবিধানিক অধিকার। এছাড়া উচ্চ আদালতের উচিত মহান ভাষা আন্দোলনের প্রতি সম্মান দেখিয়ে বিচারকাজে বাংলার প্রচলন করা।

তবে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানসহ উচ্চ আদালতের কয়েকজন বিচারক হাতে গোণা কয়েকটি মামলায় বাংলায় রায় দিয়েছেন। সম্প্রতি হাইকোর্টের বিচারপতি এবিএম খায়রুল হক বাংলায় রায় ও আদেশ দেওয়া শুরু করেছেন। বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞাও একটি মামলায় বাংলায় আদেশ দিয়েছেন।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান তার ভাষা প্রশ্নে রবীন্দ্রনাথ, গান্ধী ও জিন্নাহ প্রবন্ধে লিখেছেন, “১৯৭২ সালের বাংলাদেশের সংবিধানের ৩ অনুচ্ছেদে উল্লেখ আছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। দেশের আইন বাংলা ভাষায় প্রণীত হচ্ছে। অথচ উচ্চ আদালত এখনো ইংরেজির ব্যবহার অব্যাহত রেখেছেন। আমরা প্রতিবছর একুশে ফেব্র“য়ারির দিন সারাদেশে সর্বস্তরে মাতৃভাষা প্রচলনের অঙ্গীকার করে থাকি। যে অঙ্গীকার পালনের ক্ষেত্রে আমাদের তেমন কোন চাড় নেই।”

১৯৯১ সালে আদালতের ভাষা নিয়ে দেওয়া এক রায়ে হাইকোর্ট বলেছিল, আদালতে রাষ্ট্রভাষা চালাবার পথে কোন বাধা নেই। তবে ওই রায়ে ইংরেজির ব্যবহার নিষিদ্ধও করা হয়নি। কারণ হিসাবে রায়ে বলা হয়েছিল, ১৯৮৭ সালে বাংলাভাষা প্রচলন আইনে আদালতে রাষ্ট্র ভাষা ভিন্ন অন্য ভাষার প্রচলন রদ করে কোন বিধান যোগ করা হয়নি।

কিন্তু বাংলা ভাষা প্রচলন আইনের প্রস্তাবনায় বলা হয়েছিল এ আইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩ অনুচ্ছেদের বিধানকে পূর্ণরূপে কার্যকর করার উদ্দেশ্যে প্রণীত।

ওই আইনে পরিস্কার বলা হয়েছিল, বাংলাদেশের সর্বত্র তথা অফিস, আদালত, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান কর্তৃক বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যতীত অন্য সকল ক্ষেত্রে নথি ও চিঠিপত্র, আইন আদালতের সওয়াল জবাব এবং অন্যান্য আইনানুগ কার্যাবলী অবশ্যই বাংলায় লিখতে হবে।

এ বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেড আই খান পান্না নফহবংি২৪.পড়স কে বলেন, “বিচার প্রার্থী জনগণের বোধগম্য হওয়ার স্বার্থে উচ্চ আদালতসহ সব আদালতে সওয়াল-জবাব,  রায় ও আদেশসহ বিচারকাজ বাংলায় হওয়া উচিত। এতে করে ভাষা শহীদদের প্রতি কিছুটা হলেও শ্রদ্ধা দেখানো হবে।” তিনি যুক্তি দেখান, উন্নত বিশ্বে বিশেষ করে জার্মানি, ফ্রান্স, জাপান, স্পেন, নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশে তাদের নিজেদের ভাষায় উচ্চ আদালতের বিচারকাজ চলে।