২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্টদের বিরুদ্ধে মুদ্রা পাচারের অভিযোগ বিজিএমইএর

দেশের বর্হিবাণিজ্যে পণ্য পরিবহনকারী ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্টরা বন্দরে পণ্য আটকে রেখে অনাপত্তি ছাড়পত্র দেওয়ার নামে ইচ্ছামত অর্থ আদায় এবং মুদ্রা পাচার করছে বলে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ করেছেন পোশাক শিল্প মালিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 05:51 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

ফোশাক শিল্প মালিকদের সমিতি বিজিএমইএ এর পরিচালক এবং বন্দর ও শিপিং উপদেষ্টা এম মাহবুব চৌধুরী রোববার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের কাছে লেখা এক চিঠিতে এই অভিযোগ করেন।

বৈদেশিক বানিজ্যে পণ্য পরিবহনে বিশেষ করে শিপিং খাতে দুর্নীতিকেই দেশের সবচেয়ে বড় দুর্নীতি হিসেবে চিহ্নিত করে চিঠিতে অভিযোগ করা হয়, এর ফলে গত দশ বছরে দেশ অন্তত ৫০ হাজার কোটি টাকা হারিয়েছে।

চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী ফ্রেইট ফরোয়ার্ডিং কোম্পানিগুলোর কাজ অনেকটা কুরিয়ার সার্ভিসের মতোই। বন্দরে পণ্য আটক করে ছাড়পত্র দেওয়ার নামে কোনো রকম বাড়তি চার্জ আদায় করার কথা নয় তাদের। পরিবহনের ক্ষেত্রে ভাড়া প্রদানকারীই কনজেশন সারচার্জ প্রদান করবে, হাইকোর্টেরও এমন একটি নির্দেশ আছে।

কিন্তু এই নির্দেশকে পাশ কাটিয়ে ইদানিং কিছু এজেন্টরা বন্দরে পণ্য আটকে রেখে রেট রেস্টোরেশন চার্জের নামে বাড়তি অর্থ আদায় করে তা বেআইনিভাবে বিদেশে পাঠাচ্ছে বলে চিঠিতে অভিযোগ করা হয়। আইনত বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে এই টাকা বিদেশে পাঠাতে পারার কথা নয় বলে একে মানি লন্ডারিং হিসেবে আখ্যায়িত করেছে বিজিএমইএ।

চিঠিটির সঙ্গে রাজস্ব বোর্ডের কাছে লেখা ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের একটি চিঠিও সংযোজিত হয়েছে, যেখানে তারা বিদেশে মুদ্রা পাঠানোর কথা স্বীকার করেছে।

আবার বিদেশে পণ্য পাঠানোর পর সংশ্লিষ্ট ক্রেতার কাছ থেকে প্রাপ্তি স্বীকার সংক্রান্ত ডকুমেন্ট বি/এল রপ্তানিকারককে প্রদান করা তাদের কর্তব্য হলেও এ জন্য বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে বাড়তি টাকা আদায় করছে তারা। ফলে আমদানি ও রপ্তানির ক্ষেত্রে পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে, আর তার প্রভাবে বেড়ে যাচ্ছে আমদানি পণ্যের মূল্যও।

মাহবুব চৌধুরী রোববার নফহবংি২৪.পড়স কে বলেন, “তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি ও মানি লন্ডারিং বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে। তাই এজেন্টদের হাজার কোটি টাকা অর্থ পাচার ও পণ্যের ওপর আইন বর্হিভূত অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রমাণপত্রসহ এই চিঠি লেখা হয়েছে।”   

ফ্রেইট ফরওয়ার্ডিং এজেন্টদের লাইসেন্স প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ২০০৬ সালের ৭ জুন আদেশ জারি করে এবং এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন রয়েছে।

তিনি বলেন, “এজেন্টরা পরিবহন সংক্রান্ত আদেশ এবং বৈদেশিক মুদ্রা নীতি বাস্তবায়ন করলে আমরা বেঁচে যাই। এটা হলে মুদ্রা পাচার যেমন বন্ধ হবে তেমনি বন্দরের জটও কমবে।”

বিজিএমইএর পক্ষ থেকে সরকার প্রধানকে জানানো হয়, স্ট্যাটাস চার্জের নামে কোন অর্থ আমদানিকারকদের কাছ থেকে আদায় না করার নিয়ম থাকলেও এজেন্টরা বন্দরের প্রতি সিবিএল মালের জন্য স্ট্যাটাস চার্জের নামে ৭০০ টাকা করে আদায় করে। এর ফলে আমদানি পণ্যের দাম বেড়ে যাচ্ছে।

চিঠির সঙ্গে সংযোজিত প্রমাণপত্রে দেখা যায়, কয়েক মাস আগে এআরএস কনসোলিডেশন এবং কেডি শিপিংসহ তিনটি এজেন্ট কোম্পানি আইন অনুসারে একটি চালানের জন্য ১১৯০ টাকা চার্জ আদায়ের পরিবর্তে আদায় করছে ১৯৯৪৫ কোটি টাকা।

অপর একটি চালানে আমদানিকারক প্রতিষ্ঠান থেকে কেজি প্রতি ৩৩৫ টাকা চার্জ আদায়ের পরিবর্তে ১৩৪০ টাকা আদায় করা হয়েছে।