কক্সবাজারে পাহাড় কাটা বন্ধে যৌথবাহিনীর অভিযান
কক্সবাজারে পাহাড় কেটে সরকারি আমলাদের জন্য আবাসন প্লট তৈরির বিরুদ্ধে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। সোমবার তিন দফা অভিযান চালিয়ে প্রকল্পে কর্মরত দুই শ্রমিক ও দুটি বুলডোজার আটক করে তারা।
এদিকে কক্সবাজারে কর্মরত এনজিও পালসের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী কলিম জানিয়েছেন, রোববার আইনী সহায়তাকারি সংস্থা ব্লাস্টের ট্রাস্টি বিচারপতি মঈনুদ্দিন আহমদ ও আইনজীবী ড. কামাল হোসেন ওই এলাকা পরিদর্শনে যান। দুপুরের দিকে বিচারপতি মঈনুদ্দিন আহমদ ওই এলাকায় পৌঁছলে জেলা প্রশাসনের নিয়োগ দেওয়া কর্মচারীরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তাদের উপর বুলডোজার তুলে দেয়ারও চেষ্টা চালায় তারা।
ঘটনার পর কক্সবাজারে বিশেষ অভিযানে নিয়োজিত সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা ওই এলাকায় তিন দফা অভিযান চালায়। এসময় দুই শ্রমিক ও পাহাড় কাটার কাজে ব্যবহৃত দুটি বুলডোজার আটক করা হয়। তবে অভিযানের খবর পেয়ে জেলা কালেক্টরেট কর্মকর্তা-- কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সাজেদ আলী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ড্রাইভার স্বপন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানান, ওই এলাকায় যাদের পাওয়া গেছে তাদের আটক করা হয়েছে। তবে ওই প্লট তৈরিতে জড়িত কাউকে ছাড়া হবে না। এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও তিনি জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওমর ফারুক জানান, প্লট এলাকা থেকে দুই জন শ্রমিককে আটক করার কথা তিনি শুনেছেন। তবে বিস্তারিত কিছু তিনি জানাতে পারেননি।
উল্লেখ্য, কয়েক মাস ধরেই সরকারি কালেক্টরেট কর্মকর্তা--কর্মচারি সমিতির ব্যানারে জেলা প্রশাসন কক্সবাজার শহরের কলাতলী এলাকায় শতাধিক একর পাহাড় কেটে সরকারি আমলাদের জন্য আবাসন প্লট তৈরির কাজ শুরু করে। বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের আন্দোলন, বেলার মামলা এবং হাইকোর্টের নিষেধাজ্ঞা, ওই নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশসহ বিভিন্ন প্রক্রিয়ার পরও জেলা প্রশাসন ২০ -- ২৫টি বুলডোজার লাগিয়ে পুরো পাহাড় কেটে অর্ধেকে নামিয়ে আনে। ইতোমধ্যে ১৫০টি প্লট বরাদ্দও দেওয়া হয়। আর প্লটগুলোতে চলছে কাঁচা ঘর নির্মাণের কাজ।
