২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় নৈশ প্রহরীকে হত্যা, ৯ হাজার টাকা লুট

দাকোপ উপজেলার চালনা বাজারে বেসরকারি সংস্থা হীড বাংলাদেশের অফিসে ডাকাতরা হামলা চালিয়ে নৈশ প্রহরী শীতল সরদারকে (২৮) হত্যা করে নয় হাজার টাকা নিয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 01:14 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

এ ঘটনায় অপর নৈশ প্রহরী রাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

হীড বাংলাদেশ অফিস ও অপর এক নৈশ প্রহরী সূত্রে জানা গেছে, ৭/৮ জনের একদল ডাকাত সোমবার রাত ২টা দিকে চালনার হীড বাংলাদেশ অফিসে গিয়ে কলিং বেল বাজালে নৈশ প্রহরী রাজন (৪৮) গেট খুলে দেয়। খোলার সঙ্গে সঙ্গে তাকে ডাকাতরা বেধে ফেলে। ঘরের ভিতরে থাকা অপর নৈশ প্রহরী শীতল সরদার এসময় বাধা দিলে ডাকাতরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

হীড বাংলাদেশের এরিয়া ম্যানেজার মোজাম্মেল হক জানান, ডাকাতরা অফিসের ক্যাশ বাক্স ভেঙ্গে ৮ হাজার ৮৫২ টাকা নিয়ে গেছে। সকাল ৭টায় কর্মকর্তা ও কর্মচারীর অফিসে এসে  রাজনকে বাধা অবস্থায় এবং শীতল সরদারের লাশ পরে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ ব্যাপারে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মোল্লা জানান, এখনও (বেলা ১২টা) মামলা হয়নি। ডাকাতি কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।