সম্পদের হিসাব দিলেন দুজন, বাকিদের সময় শেষ হবে রোববার
দুর্নীতি সন্দেহে তালিকাভূক্ত ৫০ জনের সবাইকে রোববার বিকেল পাঁচটার মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। যারা ব্যর্থ হবেন, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সাময়িকভাবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তদন্তে কেউ নির্দোষ প্রমানিত হলে তার সম্পদ ফেরত দেওয়া হবে। দুর্নীতি দমন কমিশনের সচিব মো. দেলোয়ার হোসেন মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান।
এদিকে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনে হাজির হয়ে সম্পদের হিসাব দিয়েছেন চট্টগ্রামের জামায়াত নেতা শাহজাহান চৌধুরী ও জামালপুরের বিএনপি নেতা এম রশীদুজ্জামান মিল্লাত। তালিকাভুক্ত ৫০ জনের মধ্যে এরা দুজনই প্রথম সম্পদের হিসাব দিলেন।
দুর্নীতি দমন কমিশনের সচিব মো. দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ৫০ জনের সবার কাছে মঙ্গলবারের মধ্যেই নোটিশ পৌঁছে গেছে। নোটিশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে তাদের হিসাব দাখিল করার কথা। বুধ, শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় কার্যদিবসগুলিই এই ৭২ ঘন্টা হিসাবের মধ্যে পড়বে। সেই অনুযায়ী মঙ্গলবার থেকে গণনা শুরু হয়ে আগামী রোববার বিকেল ৫টার মধ্যে সময়সীমা শেষ হবে।
মঙ্গলবার বেলা ৩টার দিকে দুদকের পরিচালক জাহানারা পারভীনের কাছে প্রথমে হিসাব দেন চট্টগামের সাতকানিয়ার জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী। তারপর দুদক কার্যালয়ে সপরিবারে এসে হিসাব দেন জামালপুরের বিএনপির সাবেক সাংসদ এম রশীদুজ্জামান মিল্লাত।
হিসাব দেওয়া শেষে শাহজাহান চৌধুরী সাংবাদিকদের এড়িয়ে মোটর সাইকেলের পেছনে বসে দ্রুত দুদক কার্যালয় ত্যাগ করেন। তবে রশীদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তার সম্পদের পরিমাণ ১৪ কোটি টাকা। কিন্তু এর মধ্যে ১১ কোটি টাকাই ব্যাংক ঋণ। তিনি বলেন, “৫০ জনের তালিকায় আমার নাম দেখে সত্যিকার অর্থে বিস্মিত হই।” মিল্লাত দাবি করেন ২০০১ সালে সাংসদ নির্বাচিত হওয়ার পর তার সম্পদের পরিমাণ আরও কমেছে। কারণ তিনি জনগণের সেবা করতে গিয়ে ব্যবসা--বাণিজ্যে ঠিকমতো সময় দিতে পারেননি। তিনি ৪২৭ পৃষ্ঠার হিসাব দাখিল করেছেন বলে সাংবাদিকদের জানান।
মঙ্গলবার তালিকাভূক্ত অনেকের প্রতিনিধিরা দুদক কার্যালয়ে আসেন। সচিব দেলোয়ার হোসেন জানান, এরা বিভিন্ন তথ্য জানতে চাওয়ার পাশাপাশি কয়েক জনের প্রতিনিধি সম্পদের হিসাব দাখিল করতে চেয়েছিলেন। কিন্তু তা গ্রহণ করা হয়নি। কারণ কারাগারের বাইরে যারা আছেন তাদেরকে সশরীরের হাজির হয়েই হিসাব দিতে হবে।
জানা গেছে, মির্জা আব্বাস, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী সেলিম, মঞ্জুরুল আহসান মুন্সী, আলহাজ্জ মকবুল হোসেন, বসুন্ধরা গ্র“পের মালিক আহমদ আকবর সোবহান (শাহ আলম), সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মুফতি শহীদুল ইসলাম, কমিশনার কাইয়ুম, জাহাঙ্গীর কবির নানক, আলী আসগার লবী ও মুন্সীগঞ্জের আওয়ামী লীগের সাবেক সাংসদ মহিউদ্দিন আহমেদ, ভোলার বিএনপি দলীয় সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীম প্রমুখের প্রতিনিধিরা কমিশন কার্যালয়ে আসেন।
আগের দিন সোমবার মির্জা আব্বাস, মীর নাসির উদ্দিন, রুহুল কুদ্দস তালুকদার, মোহাম্মদ গিয়াসউদ্দিন, এইচ বি এম ইকবালের প্রতিনিধিরা কমিশনে গিয়েছিলেন।
কমিশন সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত ৫০ জনের মধ্যে জেলে আটকদের কাছে আইজি প্রিজনের মাধ্যমে নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। বাকিদের কাছে পাঠানো নোটিশ তাদের ছেলে--মেয়ে, স্ত্রী ও আত্মীয়স্বজনরা নোটিশ গ্রহণ করেন। অনেকের বাড়ির দরজায় নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের সচিব মো. দেলোয়ার হোসেন সেগুনবাগিচায় কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের আরও বলেন, প্রকাশিত তালিকার ৫০ জন শীর্ষ রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ী দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে। তিনি বলেন, “প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে তারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে তার মানে এই নয় যে, তাদেরকে এখনই অপরাধী বলা যাবে।”
দেলোয়ার হোসেন বলেন, “যাদের হিসাব দিতে বলা হয়েছে তারা নির্ভয়ে এসে তাদের সম্পত্তির হিসাব দিতে পারেন। আমরা ডেকে এনে তাদের গ্রেপ্তার করব এটা ভাবার কোন কারণ নেই।” তিনি অবশ্যও এও বলেন, “তবে রাষ্ট্রের অন্য কোন সংস্থা যদি ভিন্ন কোন অভিযোগে তাদের গ্রেপ্তার করে তবে আমাদের কিছু করার নেই।”
দুর্নীতির সঙ্গে জড়িত আছেন এমন অনেকের নামই ৫০ জনের তালিকায় নেই --কয়েকজন সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে সচিব দেলোয়ার হোসেন বলেন, “একটু ধৈর্য ধরুন। সবকিছু দেখতে পারবেন। তদন্তের স্বার্থেই এখন কিছু বলা যাচ্ছে না। দরকার পড়লে খালেদা জিয়া, শেখ হাসিনা, তারেক রহমানের কাছেও নোটিশ যাবে।”
প্রাথমিক তদন্ত শেষে তালিকায় নামের সংখ্যা আরও বাড়বে বলে তিনি জানান। এই সপ্তাহের মধ্যেই দুদকের চেয়ারম্যান নিযুক্ত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
