ব্যবসায়ী গিরিধারী লাল মোদীকে ভারত যেতে দেওয়া হয়নি
আলোচিত মাড়োয়ারি ব্যবসায়ী গিরিধারী লাল মোদীকে ভারত যেতে দেওয়া হয়নি। সোমবার বেনাপোল সীমান্ত দিয়ে সপরিবারে তিনি ভারত যাওয়ার চেষ্টা করলে বিডিআর তাকে আটকে দেয়। তাকে বেনাপোলে বিডিআরের হেফাজতে রাখা হয়েছে।
২২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসের আহমেদ জানান, গিরিধারী লাল মোদী, স্ত্রী কৌশুলী মোদী, ভাই গনেশ লাল মোদী ও ভৃত্য হরিশ চন্দ্র রায় সোমবার বিকালে বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন। ওপর মহলের নির্দেশিত তালিকা অনুযায়ী তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে।
তিনি জানান, গিরিধারীকে জিজ্ঞাসাবাদের জন্য সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা বেনাপোলের উদ্দেশে রওনা দিয়েছেন।
গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গিরিধারী লাল মোদীর বিরুদ্ধে হুন্ডির কারবারসহ নান বিতর্কিত ব্যবসা ও কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। কোটচাঁদপুরের আলোচিত হুন্ডি কারবারি কাজলের গডফাদার হিসেবেও তার পরিচিতি রয়েছে।
নিজ এলাকা চুয়াডাঙা ও আলমডাঙায় কিছু বৈধ ব্যবসার সাথে তিনি মাদক ব্যবসা ও চোরাচালান ও খাদ্যদ্রব্য মজুদাদারি করেন বলে অভিযোগ রয়েছে । চারদলীয় সরকারের আমলে অপারেশন ক্লিন হার্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বাড়ি থেকে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করে।
