পে--অর্ডার, টিটি ও ডিডি ইস্যূতে সতর্কতার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক
পে-অর্ডার, টিটি ও ডিডি ইস্যূর ক্ষেত্রে কঠোর সতর্কতা অবলম্বনের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সোমবার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
পে--অর্ডারের মাধ্যমে সম্প্রতি বেশ কয়েকটি বাণিজ্যক ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাতের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশ দিল।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে পে--অর্ডারের মাধ্যমে অর্থ জালিয়াতি বাড়ছে বলে আমরা দেখতে পেয়েছি। এ কারণে ব্যাংকগুলোকে আরো সতর্ক হওয়ার জন্য আমরা এই নির্দেশ জারি করেছি।
সম্প্রতি চট্টগ্রামে বাংলাদেশ কর্মাশিয়াল ব্যাংকে (বিসিবিএল) একটি পে-অর্ডার জালিয়াতির ঘটনা অবিস্কার করে কেন্দ্রীয় ব্যাংক। ওই ব্যাংকের আগ্রাবাদ শাখায় এ জালিয়াতির ঘটনা ঘটে। ব্যাংকটি নুরুন নবী নামে এক গ্রাহকের পক্ষে একটি পে--অর্ডার ইস্যু করলেও তার হিসাবে ওই পরিমাণ টাকা জমা ছিল না।
চট্টগ্রামে বিসিবিএল এর আরো চারটি শাখায় একই ধরনের জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে।
সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নুরুন নবী পে--অর্ডারের মাধ্যমে প্রায় ৬০ কোটি টাকা উত্তোলন করেছেন। বিসিবিএল পরে ওই টাকা গ্রাহকের ঋণ হিসেবে সমন্বয় করে।
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা আরো বলেন, “আমরা অন্য ব্যাংকগুলোতেও একই ঘটনার প্রমাণ পেয়েছি।”
কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি ব্যাংকগুলো পে--অর্ডার, ডিডি ও টিটি ইস্যুর সময় স্বাভাবিক ব্যাংকিং নিয়ম যথাযথভাবে অনুসরণ করছে না। যা ব্যাংকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরণের কাজের দায় প্রাথমিকভাবে সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপনার উপর এবং তা প্রতিরোধে ব্যার্থতার দায় সার্বিকভাবে ব্যাংক ব্যবস্থাপনার উপর বর্তাবে।
এছাড়া তত্ত্বাবধানমূলক পদক্ষেপ নেওয়ার পর লেনদেন পর্যবেক্ষনের একটি সার-সংক্ষেপ প্রতি তিন মাস অন্তর কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার জন্যও প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে।
