প্রার্থীদের আয়--ব্যয়ের হিসাব সংক্রান্ত আপিলের শুনানি শেষ, মঙ্গলবার রায়
নির্বাচনে প্রার্থীদের আয়--ব্যয়ের হিসাবসহ আটটি ব্যক্তিগত তথ্য জমা দিতে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিলের শুনানি সোমবার শেষ হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার রায় দেবে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে গঠিত চার বিচারকের আপিল বিভাগে ড. কামাল হোসেন বলেন, আপিলকারী আবু ছাফা মিথ্যা তথ্য দিয়ে আদালতের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি নিজেকে জনদরদী বলে দাবি করলে বাস্তবে কোনো জনহিতকর কাজের সঙ্গে জড়িত নন। টঙ্গীতে একটি কারখানায় তিনি নিরাপত্তা রক্ষীর কাজ করেন।
ড. কামাল শুনানিতে আরো বলেন, আবু ছাফা জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র কিনেছেন বলে তথ্য দিলে ও বাস্তবে তা করেননি।
আদালতে ড. কামাল বলেন, সুশাসন চাইলে সংসদে সৎ ও যোগ্যপ্রার্থী নির্বাচিত করা দরকার। কিন্তু লুকোচুরি করে কেউ সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। প্রার্থীকে অবশ্যই আয়--ব্যয়ের হিসাবসহ ব্যক্তিগত আটটি তথ্য জমা দিতে হবে।
তিনি ভারতের কয়েকটি মামলার নজির উপস্থাপন করে আবু ছাফার আপিল খারিজের আবেদন জানিয়ে বলেন, মিথ্যা হলফনামা দেওয়ার প্রবণতা বন্ধ করার জন্য একটি দিকনির্দেশনামূলক রায় দরকার। এতে ভবিষ্যতে মিথ্যা হলফনামা দিলে কেবল বাদীকেই নয়, সংশ্লিষ্ট আইনজীবীকেও দায়ী করা যাবে।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৪ মে এডভোকেট আবদুল মোমেন চৌধুরীসহ ৩ আইনজীবীর দায়ের করা এক জনস্বার্থ রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ নির্বাচন কমিশনকে প্রার্থীদের কাছ থেকে আয় ও সম্পদের হিসাবসহ আটটি তথ্য হলফনামা আকারে গ্রহণের নির্দেশ দেয়। কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের সন্দ্বীপ হতে প্রার্থী হতে আগ্রহী জনৈক আবু ছাফা ২০০৫ সালের ৩ জুলাই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন। এরপর গত ১৯ ডিসেম্বর চেম্বার জজ হাইকোর্টের রায় স্থগিত করে দেন।
