২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিল খেলাপিদের বিরুদ্ধে তিতাসের অভিযানের প্রথম দিনে গ্রেপ্তার ৬

শিল্পাঞ্চল ফতুল্লায় তিতাস গ্যাসের বিল খেলাপিদের বিরুদ্ধে অভিযানের প্রথম দিনে রোববার তিনটি শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া অবৈধ সংযোগ ও মিটার কারসাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 09:25 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

সেনাবাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করতে গিয়ে আলীগঞ্জের আফসার ড্রাম ফ্যাক্টরিতে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার প্রমাণ পাওয়া যায়।  তিতাসের মুল সংযোগ থেকে পাইপের মাধ্যমে এই অবৈধ সংযোগটি নেওয়া হয়েছে। একই প্রতিষ্ঠানের সদ্য চালু হওয়া রি- রোলিং মিলেও অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়া হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে এবং কারখানার ৪ কর্মচারীকে গ্রেপ্তার করে। এই প্রতিষ্ঠানের কাছে বকেয়া বিল বাবদ তিতাসের পাওনা ২ কোটি ৬৯ লাখ টাকা।

এছাড়া ফতুল্লা পোস্ট অফিস সড়কে অবস্থিত জিলানী ডাইং ফ্যাক্টরী ও হামিদ রিরোলিং মিলে মিটার কারসাজির প্রমাণ পাওয়া যায়। জিলানী ডাইং ফ্যাক্টরিতে আধ টন বয়লার স্থাপনের অনুমতি নিয়ে স্থাপন করা হয়েছে দেড় টন বয়লার। এই দুটি কারখানার কাছে তিতাসের পাওনা যথাক্রমে ১ কোটি ৮ লাখ ও ৪২ লাখ ৯৮ হাজার টাকা।

অভিযানে এই দুটি প্রতিষ্ঠানেরও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মিটার কারসাজির অভিযোগে গ্রেপ্তার করা হয় জিলানী ডাইংয়ের মালিক আব্দুল মালেক ও আরব আলীকে।

ম্যাজিস্ট্রেট খলিল আহমেদের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করেন তিতাস গ্যাস টি এ্যান্ড ডি কোম্পানীর ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী এম. এ. ওহাব।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিসের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী আমীর আহমেদ জানান, নারায়ণগঞ্জ অঞ্চলের ৩৭টি শিল্প প্রতিষ্ঠানের কাছে তাদের পাওনা রয়েছে ১শ ১৫ কোটি টাকা। এর মধ্যে শিল্পাঞ্চল ফতুল্লার ২৪ প্রতিষ্ঠানের কাছেই পাওনা ৯৬ কোটি টাকা।

বিপুল অংকের বিল বকেয়া রাখলেও এসব শিল্প প্রতিষ্ঠানের মালিকেরা উল্টো তিতাসের বিরুদ্ধে মামলা দায়ের করায় আদায় করা যাচ্ছে না এই টাকা।

খেলাপি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কেবল পঞ্চবটীতে অবস্থিত হোসেন বোর্ড এন্ড পেপার মিলের কাছেই তিতাসের পাওনা ১২ কোটি টাকা।

সস্তাপুরে অবস্থিত বিএনপি-জামায়াত জোট সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক রেজাউল করিমের বড় ভাই ফজলুর রহমানের মালিকানাধীন রহমান হোসিয়ারি এবং রহমান নিটিং-ডাইং ফ্যাক্টরির কাছে পাওনা ৫ কোটি টাকা আর ফতুল্লার হাজীগঞ্জে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য টাঙ্গাইলের আবুল কাশেমের মালিকানাধীন অবস্থিত ম্যাক পেপার কারখানার কাছেও তিতাসের পাওনা ৫ কোটি টাকা।

এদিকে, পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তার ভূয়া পরিচয়ে সংযোগ বিচ্ছিন্ন করা আফসার ড্রাম ফ্যাক্টরির পক্ষে দেন দরবার করতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক হয়েছে মাঈনউদ্দিন নামে এক যুবক।

সেনাক্যাম্প সূত্র জানায়, রোববার সন্ধ্যায় গ্রেপ্তারকৃত মাঈনউদ্দিন নিজেকে এসবি অফিসার পরিচয় দিয়ে ফতুল্লা স্টেডিয়ামের সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার লে. ক. হাফিজকে আফসার ড্রাম ফ্যাক্টরি গ্যাস সংযোগ পুনরায় চালুর ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছিল।