সরকারকে সহায়তা করুন: সমমনা দলগুলোকে আ. লীগ
তত্ত্বাবধায়ক সরকারকে সহায়তা করার জন্য সমমনা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। একইসঙ্গে তারা ভোটার পরিচয়পত্র করার জন্য সেনাবাহিনীর উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন।
ওর্য়াকার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের শহীদ আসাদ মিলনায়তনে রোববার দুপুরে ১১ দল আয়োজিত গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগ নেতারা আত্মসমালোচনা করেও বক্তব্য দেন।
দলের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল বলেন, তত্ত্বাবধায়ক সরকার জাতিকে যে আশ্বাস দিয়েছে তা ১৪ দলের দাবিরই প্রতিফলন।
তিনি বলেন, “আমরা রাজনীতিবিদরা যা পারিনি এবং অনেক সময় উদ্যোগ নিয়েও বাধাগ্রস্ত হয়েছি ঘটনা প্রবাহে তত্ত্বাবধায়ক সরকার সে দায়িত্ব পালন করতেই এসেছে। রাজনীতিকে দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও কালো টাকা মুক্ত করার চেষ্টা করছে। সৎ রাজনীতিবিদদের তাদের সাহায্য ও সহযোগিতা করা উচিত।”
জলিল আরো বলেন, “ব্যবসায়ীরা কেউই রাজনীতি করে রাজনীতিবিদ হননি। তারা মনে করেন রাজনীতি হলো মূলধন বিনিয়োগের একটা ক্ষেত্র।”
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, জিয়াউর রহমানের সময় থেকেই সুবিধাভোগী রাজনীতিবিদদের একটি শ্রেণী গড়ে তোলা হয়েছে। রাজনীতিবিদরা স্বচ্ছ এজেন্ডা নিয়ে আসলে জনগণ তার পক্ষেই যায়। আজকের পরিস্থিতি এর প্রমাণ।
আমু বলেন, “সামরিক বাহিনী ভোটার আইডি কার্ড করবে-- এটা শুনে আমরা আশ্বস্ত হয়েছি। আশা করি এখন স্বল্প সময়ে নির্বাচনের মাধ্যমে জাতি কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারবে।”
তিনি বলেন, “এই সরকার সামরিক বাহিনীর সহায়তায় অনেক বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে। আগামীতে তারা দুর্বলতা কাটিয়ে আরও সঠিক সিদ্ধান্ত নেবে।”
জঙ্গিদের গডফাদারদের খুঁজে বের করতে তিনি শায়খ আব্দুর রহমান ও বাংলাভাইকে সাংবাদিকদের সামনে বক্তব্য দেওয়ার সুয়োগ দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
ওর্য়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশে বলেন, “লাইনচ্যুত ট্রেনকে লাইনে তোলেন, কিন্তু রিলিফ ট্রেনকে লাইনে দাঁড়িয়ে রেখে চলার গতিকে থামিয়ে দেবেন না।”
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সভাপতি হাসানুল হক ইনু বলেন, “সেনাপতি, বিচারপতি ও ব্যবসায়ীরা যখন রাজনীতিতে নাক গলিয়েছেন তখনই রাজনীতিতে বিপর্যয় ঘটেছে। এখন তাদের ফাইলটাও বের করা উচিত।”
তিনি বলেন, “এই বিপর্যয় থেকে রাজনীতিবিদরাই দেশকে উদ্ধার করতে পারবেন। সেনাপতি, বিচারপতি ও স্বঘোষিত অভিভাবকরা তা পারবেন না।”
তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশে ইনু বলেন, “তিন, ছয় বা নয় মাসের মধ্যে সবকিছু পরিষ্কার করে নির্বাচন দিতে হবে। আপনারা যারা পরিষ্কার করতে এসেছেন তা সে কাজটি করুন, বেশি কথা বলবেন না।”
সমকাল সম্পাদক আবেদ খান বলেন, ধর্মীয় রাজনীতিকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে।
তিনি কারো নাম উল্লেখ না করে বলেন, “যারা একসময় রাজনীতির বিপক্ষে কথা বলেছিল তারাই এখন রাজনীতির কথা বলছেন। এটাই হলো রাজনীতির জয়।”
বেসরকারি টিভি চ্যানেল এসটিভি ইউএস এর ব্যবস্থাপনা পরিচালক নঈম নিজাম বলেন, “আমি মনে করি যারা এখন ক্ষমতায় তারা ১১ দলের দাবি বাস্তবায়ন করেছেন। সে জন্য ১১ দলের উচিত ক্ষমতাসীনদের সহায়তা করা।”
রাশেদ খান মেননের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন, গণতন্ত্রী পার্টির নুরুল ইসলাম, গণফেরামের মফিজুল ইসলাম খান কামাল, গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেন, গণআজাদী লীগের হাজী আবদুস সামাদ, ন্যাপের এমএ গনি, সাম্যবাদী দলের দিলীপ বড়–য়া, গণফোরামের এডভোকেট জহিরুল ইসলাম, স্কপের ডা ওয়াজেদুল ইসলাম, ন্যাপের ইসমাইল হোসেন, রাকসুর সাবেক ভিপি রুহুল কুদ্দুস বাবু প্রমুখ।
বৈঠকের শুরুতেই সূচনা পত্র পাঠ করেন ওর্য়াকার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস।
