২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ শাহ জাফরসহ ১৩ সহযোগীর বিরুদ্ধে টিন আত্মসাতের মামলা

ফরিদপুর-- ১ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ শাহ মো. আবু জাফরের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকারি ত্রাণের টিন উদ্ধারের ঘটনায় শাহ জাফরসহ তার ১৩ সহযোগীর বিরুদ্ধে বোয়ালমারী থানায় শুক্রবার পৃথক তিনটি মামলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 08:01 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যৌথবাহিনী অভিযান চালিয়ে তিন শতাধিক সরকারি ত্রাণের ঢেউটিন উদ্ধার করে। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, সরকারি ত্রাণের টিন অবৈধভাবে ব্যবহার ও আত্মসাতের অভিযোগে শাহ জাফরকে আসামী করে পুলিশ মামলা করেছে।

মামলা হওয়ার পর শাহ জাফরের ঘনিষ্ঠ সহযোগিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ চন্দ্র মতোত্তমের উপস্থিতিতে যৌথবাহিনীর সদস্যরা সাবেক সাংসদ শাহ মো. আবু জাফরের বাড়ী, দোকান ও তার মারিকানাধীন পদ্মডুবি মৎস্য প্রকল্পের বিভিন্ন ঘর থেকে মোট ৩০৪ টি ঢেউটিন উদ্ধার করে।

একই অভিযোগে শাহ জাফরের ঘনিষ্ঠ সহযোগী ও বোয়ালমারী উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম কামাল ও বিএনপি নেতা খান আতাউর রহমানের নামে পৃথক মামলা হয়েছে। এরা সবাই এখন পলাতক।

বোয়ালমারী থানা সূত্রে জানা গেছে, সরকারি ত্রাণের টিন অব্যবহৃতভাবে রেখে দেওয়া ও আত্মসাতের অভিযোগে পৃথক অপর একটি মামলায় শাহ জাফরের ভাগ্নে আমীর হোসেন বাদশাসহ ১০ জনকে আসামী করা হয়েছে।

এদের মধ্যে গ্রেপ্তারকৃত শাহ জাফর টেকনিক্যাল কলেজের কর্মচারী সিরাজ সিকদার ও নৈশ প্রহরী খায়ের মোল্লাকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলায় অন্য আসামীরা হচ্ছে হাসামদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল চন্দ্র মন্ডল, লিয়াকত ফকির, ওমর সিকদার, মোসলেম সিকদার, আমীর শেখ, কোরবান ফকির ও শাহাদাত ফকির।

এদিকে গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছে শাহ জাফরের ভাগ্নে ও চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. মঞ্জু, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, মধুখালী থানা বিএনপির আহবায়ক (জাফর সমর্থক) রহিম ফকির, ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ সতেজ ও গোলাম মনসুর নান্নাসহ শাহ জাফর সমর্থক একাধিক নেতা।

এ ব্যাপারে সাবেক সাংসদ শাহ জাফরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

আত্মগোপনে আছেন কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আত্মগোপনের প্রশ্নই আসে না। ঢাকায় আছি, যথাসময়ে মামলাগুলোর আইনানুগ মোকাবিলা করব।”