রিকশা ঠেলাগাড়ির পেছনে প্রতিফলক স্টিকার লাগাতে হবে
ঢাকা মহানগর এলাকায় ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতের ২০০ গজের মধ্যে হর্ণ বাজানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মহানগর পুলিশ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, দুর্ঘটনা এড়াতে আগামী ২২ ফেব্র“য়ারির মধ্যে রিকশা, ভ্যান ও ঠেলা গাড়ির পেছনে দৈর্ঘ্যে ছয় ইঞ্চি ও প্রস্থে তিন ইঞ্চির রিফ্লেকটিভ (প্রতিফলক) স্টিকার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে অপর এক বিজ্ঞপ্তিতে।
হর্ণ বাজানোর ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলা হয়, এতে সর্বসাধারণের নানা অসুবিধাসহ মারাত্মক শব্দদূষণ হচ্ছে।
এছাড়া শব্দদূষণমুক্ত মহানগরী করার পরিকল্পনার অংশ হিসেবে ভিআইপি সড়কের সোনারগাঁও হোটেল মোড় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল মোড় পর্যন্ত সড়কে হর্ণ বাজানোর ওপরও নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।
