রাজশাহীতে ছিনতাইকারির গুলিতে ব্যবসায়ী আহত, আটক ১
নগরীর আরডিএ মার্কেটের সামনে বৃহস্পতিবার গভীর রাতে ছিনতাইকারির গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন। সংজ্ঞাহীন অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোয়ালিয়া থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কুমার পাড়ার জনৈক নজিবুর রহমান আরডিএ মার্কেটে তার মালিকানাধীন ‘মুজিববর স্টোর’ বন্ধ করে নগদ চার লাখ টাকা নিয়ে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় দরগাপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী সেলিম ও তার কয়েকজন সহযোগী নজিবুর রহমানের পথরোধ করে এবং টাকা কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারিরা নজিবুরের মাথায় গুলি করে। গুলির শব্দে আশপাশের ব্যবসায়ীরা ছুটে এলে তারা পালিয়ে যায়। তবে সেলিমকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন ব্যবসায়ীরা। এ ঘটনায় বোয়ালিয়া থানায একটি মামলা হয়েছে।
বোয়ালিয়া থানার এসআই মঞ্জুর রহমান জানান, পুলিশ শুক্রবার সকালে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
