২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে রাতভর অবৈধ বিজ্ঞাপনী বোর্ড উচ্ছেদ অভিযান

ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) বৃহস্পতিবার রাত থেকে নগরীর বিভিন্ন স্থানের অবৈধ বিজ্ঞাপনী বোর্র্ড অপসারণে বিশেষ অভিযান শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 03:15 AM

Updated : 26 Apr 2022, 02:03 PM

যানজট এড়াতে দিনের পরিবর্তে রাতে এই অভিযান চালানো হয়।

ডিসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী এবং প্রধান পরিছন্ন কর্মকর্তা কমান্ডার সোহেল ফারুকীর নেতৃত্বে তিনটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টা থেকে শুরু করে একটানা সারা রাত এই অভিযান চালায়। নফহবংি২৪.পড়স এর প্রতিবেদক আবু নোমান সজীব এবং আলোকচিত্রী মুস্তাফিজ মামুন দীর্ঘক্ষণ এ অভিযান প্রত্যক্ষ করেন।

সেনা সদস্য ও পুলিশসহ নিরাপত্তা বাহিনীর দুই শতাধিক সদস্য অভিযানে অংশ নেয়। অভিযানে আটটি ভারী ক্রেন এবং ১০ টি বুলডোজারসহ প্রায় ৫০ টি যানবাহন ব্যবহার করা হয়। এছাড়া বেশ কয়েকটি গ্যাস কাটারও ব্যবহার করা হয়।

অভিযানের শুরুতেই হোটেল শেরাটনের সামনে সাকুরা রেস্টুরেন্টের সঙ্গে লাগানো বেসরকারী মোবাইলফোন কোম্পানি সিটিসেলের প্রায় ২ হাজার বর্গফুট আকৃতির একটি বিশাল বিলবোর্ড ভেঙ্গে ফেলা হয়। কোন প্রকার অনুমোদন ছাড়াই ওই বিলবোর্ডটি স্থাপন করা হয়েছিল বলে ডিসিসি কর্মকর্তারা জানান। এর পাশেই প্রোটন জিএন-২ গাড়ির অপর আরেকটি বিশাল আকৃতির বিলবোর্ড ভেঙ্গে দেওয়া হয়।

এছাড়া সাকুরা রেস্টুরেন্টের ছাদের উপর অবৈধভাবে নির্মাণ করা বেসরকারী মোবাইলফোন কোম্পানি বাংলা লিংক, নাভানা রিয়েলস্টেট, শেলটেক, সাগুপ্তা হাউজিং এবং লুব্রিকেন্ট কোম্পানি ক্যাস্ট্রলের একটি করে বিলবোর্ড ভেঙ্গে ফেলা হয়।

ডিসিসির অপর একটি দল মিন্টো রোড মোড়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাগুপ্তা হাউজিং এবং নেপচুন অ্যাডভার্টাইজিং এর তিনটি বিশাল আকৃতির বিলবোর্ড অপসারণ করে। এর মধ্যে ইস্টার্ন ব্যাংক ও নেপচুনের বিলবোর্ড দুটি কোন অনুমোদন ছাড়াই স্থাপন করা হয়েছিল। অন্যদিকে সাগুপ্তা হাউজিংকে ছয়শ’ বর্গফুটের বিলবোর্ড স্থাপনের অনুমতি দেওয়া হলেও তারা ১৮শ’ বর্গফুট আকৃতির বিলবোর্ড স্থাপন করেছিল।

মিন্টোরোডে অভিযান চলাকালে রাত সাড়ে ১২ টার দিকে উত্তরন আর্ট ও বসুন্ধারা কমিউনিকেশনসহ বেশ কয়েকটি বিজ্ঞাপনি সংস্থার সত্তাধিকারী এবং কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। বৈধ কাগজপত্র আছে দাবি করে তারা বিলবোর্ড অপসারণে বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে ডিসিসির কর্মকর্তারা এ সংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে পারেননি।

উত্তরন আর্টের সত্তাধিকারী শহিদুল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেন, তারা ডিসিসির যথাযথ নিয়ম অনুসরণ এবং রাজস্ব প্রদান করে বিলবোর্ড স্থাপন করেছিলেন। কিন্তু এখন কোন প্রকার আগাম নোটিশ না দিয়েই হঠাৎ করে তাদের বিলবোর্ড ভেঙ্গে ফেলা হচ্ছে।

বসুন্ধারা কমিউনিকেশনসের সত্তাধিকারী হাজী আব্দুল হান্নানও কোন আগাম নোটিশ না পাওয়ার অভিযোগ করেন। 

তবে ডিসিসি কর্মকর্তারা বলেছেন অভিযান শুরুর এক সপ্তাহ আগেই বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় এ বিষয়ে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।      

অন্যদিকে একই সময়ে ডিসিসির আঞ্চলিক কর্মকর্তা আব্দুর রহমান এবং মশিহুর রহমানের নেতৃত্বে অপর একটি দল গুলিস্তান বিআরটিসি ডিপোর সামনে বেশ কয়েকটি অবৈধ বিলবোর্ড অপসারণ করে। এর মধ্যে ফ্রেশ চা, ফ্রেশ মিল্ক, ফ্রেশ আটা-ময়দা, ইস্টওয়েস্ট সীড, ফ্রেশ সয়াবিন এবং হিনো মিনিবাসের একটি করে বিলবোর্ড রয়েছে।  

ডিসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী নফহবংি২৪.পড়স কে জানান, রাত সাড়ে ১০ টা থেকে শুরু করে একটানা সারা রাত নগরীর বিভিন্ন স্থানে ডিসিসির তিনটি টিম একযোগে অভিযান চালাবে। এছাড়া এখন থেকে প্রতি বৃহস্পতিবার রাতে অবৈধ বিলবোর্ড অপসারণের জন্য বিশেষ অভিযান চালানো হবে বলেও তিনি জানান।

তিনি আরো জানান, অবৈধভাবে বিলবোর্ড স্থাপন করে অ্যাডভাটাইজিং কোম্পানিগুলো ডিসিসির কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। কোম্পানিগুলোকে নির্দিষ্ট আকৃতির বিলবোর্ড স্থাপনের অনুমতি দেওয়া হলেও তারা নিয়ম অমান্য করে বিশালআকৃতির বিলবোর্ড স্থাপন করেছে। এভাবে প্রতি বর্গফুটে ১৫০ টাকা রাজস্ব হিসেবে নির্দিষ্ট আকৃতির চেয়ে বড় আকারের বিলবোর্ড স্থাপন করে তারা বিপুল পরিমাণ সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।