প্রতারক আনিসুর রহমানের শাস্তি চান চাদ থেকে ফিরে আসা ৫ যুবক
চাদ প্রজাতন্ত্রে আটকে পড়া বাংলাদেশীদের দুর্দশার জন্য দায়ি রিক্রুটিং এজেন্সি সানলাইট এন্টারপ্রাইজের মালিক আনিসুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সেখান থেকে ফিরে আসা মধুখালীর ৫ যুবক।
আকর্ষণীয় চাকরির লোভে তাদের সঙ্গেই উত্তর আফ্রিকার এই দেশটিতে যাওয়া ৩৭ যুবক এখনো আটকা পড়ে আছেন সেখানে। পুলিশি হেফাজতে রেডক্রসের তত্ত্বাবধানে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে তারা। সে তুলনায় ভাগ্যবানই বলতে হবে ফরিদপুরের মধুখালী উপজেলার ফিরোজ, মামুন, রুবেল, শাহীন ও লিটনকে। তারাও আটকা পড়েছিল এনজামেনার ওই বন্দিশিবিরে। কিন্তু পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে কোনো রকমে বিমান ভাড়ার ১ লাখ ১০ হাজার টাকা যোগাড় করে ফিরে আসতে পেরেছে তারা।
কিন্তু একই উপজেলার আরো ৯ যুবক নাজমুল, মেহেদী হাসান, এমডি হাবিব, হাসিবুল মুনশী, মৃধা, হারুন মোল্লা, মাহফুজ মোল্লা, হাফিজ দেওয়ান, ওহিদ ও রইচ মোল্লা এখনো ফিরতে পারেননি। আরো ২৮ জনের সঙ্গে তারা এখনও সেখানে আটকা পড়ে আছে।
ওই দেশটিতে যাওয়ার জন্য এরা প্রত্যেকে ২ লাখ ৪০ হাজার টাকা করে দিয়েছিল সানলাইট এন্টারপ্রাইজকে। ফিরে আসা যুবক ফিরোজ জানান, মধুখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও মেছের দিয়া গ্রামের আলীম মোল্লার মধ্যস্থতায় তারা ঢাকার বনানী এলাকায় (রোড নং-৮, ব্লক -ডি, বাড়ী নং-৮৫) অবস্থিত রিক্রুটিং এজেন্সী সানলাইট এন্টার প্রাইজের (রিক্রুটিং লাইসেন্স নং আর এল ৪৭৫) মাধ্যমে গত বছরের ২১ জুন বিমান যোগে চাদ প্রজাতন্ত্রে গিয়েছিলেন।
কিন্তু চাদের রাজধানী এনজামেনায় পৌঁছে তারা বুঝতে পারেন যে তাদেরকে ভূয়া ভিসায় সেখানে পাঠানো হয়েছে। রিক্রুটিং এজেন্সির মালিক আনিসুরের সঙ্গেও যোগাযোগ করতে পারেননি তারা। তারপর বহু কষ্টে পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে তারা কোনো রকমে দেশে আসতে পেরেছেন।
মধুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ সতেজ প্রতারণার বিষয়টি জেনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে লিখিতভাবে অভিযোগ করেছিলেন। তিনি আটকে পড়া যুবকদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আবেদন জানান।
অভিযুক্ত আনিসুর রহমানের দু’টি মোবাইলে ফোন করে এ ব্যাপারে তার বক্তব্য জানার চেষ্টা করলে মোবাইল দুটিই বন্ধ পাওয়া গেছে।
