আইন উপদেষ্টার বাংলার সৌরভ পরিদর্শন
আইন, বিচার, তথ্য ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বৃহস্পতিবার কর্ণফুলী শিপ বিল্ডার্সে মেরামতাধীন তেল পরিবাহী জাহাজ ‘বাংলার সৌরভ’ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে নগরীতে চিটাগাং চেম্বার আয়োজিত বাণিজ্য মেলা উদ্বোধন শেষে উপদেষ্টা বিকালে কর্ণফুলী নদীর বাম তীরে অবস্থিত বেসরকারি মালিকানাধীন ড্রাইডক কর্ণফুলী শিপ বিল্ডার্স পরিদর্শন করেন।
ছয় মাস আগে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এক ভয়াবহ বিষ্ফোরণে মারাত্মক ক্ষতিগ্রস্ত এই জাহাজটি মেরামতে বিএসসির সাথে ২৩ কোটি ২৫ লাখ টাকার চুক্তি হয়েছে কর্ণফুলী শিপ বিল্ডার্সের। তবে এই চুক্তির শর্ত অনুযায়ী জাহাজটি মেরামত করতে ব্যর্থ হলে কোনো টাকা পাবে না এই কোম্পানি। এমনকি জামানত হিসেবে জমা দেয়া তাদের ৫ কোটি টাকাও বাজেয়াপ্ত হয়ে যাবে।
জাহাজটি পরিদর্শনশেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, “বাংলাদেশে জাহাজ শিল্পের প্রচুর সম্ভাবনা রয়েছে। তবে অতীতে এ শিল্পের দিকে তেমন নজর দেয়া হয়নি।” প্রকৃত বিনিয়োগকারীরা এগিয়ে আসলে দেশে এ শিল্পের বিকাশ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমডি ক্যাপ্টেন আজিজুল হাসান, কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের এমডি ইঞ্জিনিয়ার এম এ রশিদ ও চিটাগাং ড্রাইডক লিমিটেড এমডি ইঞ্জিনিয়ার এনামুল হক উপস্থিত ছিলেন।
