২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বাজেটে টাকা সাদা করার সুযোগ থাকছে না: অর্থ উপদেষ্টা

আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না। অর্থ উপদেষ্টা সাফ জানিয়ে দিলেন, তিনি নিজে এ প্রথার বিরোধী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 06:40 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন (ইআরএফ) আয়োজিত “তত্ত্বাবধায়ক সরকারের এই মুহূর্তের অর্থনৈতিক চ্যালেঞ্জ” এর আলোচনা সভার অতিথি অর্থ উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম বৃহস্পতিবার একথা বলেন।

উপদেষ্টা বলেন, “আমি ব্যক্তিগতভাবে কালো টাকা সাদাকরণ প্রথার বিরোধী। তবে এ সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের উপর নির্ভর করে।”

পাশাপাশি মির্জ্জা আজিজুল বলেন, কালোবাজারী এবং মজুতদারি সম্পর্কিত আইন সংশোধনের চিন্তা ভাবনা করছে সরকার। সংশোধনের আগে বর্তমান আইনটির বিশদ পর্যালোচনা করা হচ্ছে ।

তিনি বলেন, “ব্যবসায়ীরা কখন, কিভাবে এবং কি পরিমাণে পণ্য মজুদ করতে পারবে তা বর্তমান আইনে স্পষ্ট না থাকার কারণে বিভিন্ন প্রশ্নের উদয় হয়েছে। ”

জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা  ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ এবং আন্তর্জাতিক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর বাংলাদেশ শাখার সভাপতি মাহবুবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি জাকারিয়া কাজল।

দুর্নীতির অভিযোগে সম্পদ বাজেয়াপ্তকরণের ক্ষেত্রে ৭২ ঘন্টার ভিতরে সম্পত্তির হিসাব দাখিলের বিষয়ে জানতে চাইলে, অর্থ উপদেষ্টা এ বিষয়ে বিস্তারিত জানেন না বলে জানান। তিনি বলেন, “আমি বিষয়টি প্রধান উপদেষ্টা এবং আমার অন্যান্য সহকর্মীদের জানাবো।”

সিন্ডিকেট বানিজ্য এবং মজুতদারির ব্যাপারে উপদেষ্টা বলেন, একটি কার্যকরী মজুতদারি বিরোধী আইন এবং ভোক্তা স্বার্থ সংরক্ষণ আইনের প্রয়োজন রয়েছে যাতে সরকারী সংস্থা এবং ভোক্তা সাধারণ দুর্নীতিবাজ ব্যাবসায়ী, মজুতদারদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে পারে এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের ব্যাপারে পদক্ষেপ নিতে পারে।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার ব্যাপারে উপদেষ্টা বলেন, “এ বিষয়ে আমরা সচেতন এবং বানিজ্য সচিবকে এরমধ্যেই কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সম্পর্কে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “সরকার সৎ ব্যাবসায়ীদের জন্য ব্যবসায় কার্যক্রম নিশ্চিত করবে।”

উপদেষ্টা জানান, “আমরা বিভাগীয় কমিশনার এবং জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি যেন তারা নিয়মিত স্থানীয় ব্যাবসায়ীদের সঙ্গে যোগাযোগ রাখেন যাতে করে সৎ ব্যাবসায়ীরা ঠিকভাবে ব্যবসা করতে পারে।”

ভোক্তা স্বার্থ সংরক্ষণ আইন দ্রুত অনুমোদন করা হবে বলেও তিনি জানান।

মির্জ্জা আজিজুল জানান, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিকভাবে স্বীকৃত এবং সরকারের মূল লক্ষ্য দেশে একটি  অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা।

‘অবাধ’, ‘সুষ্ঠু’ ও ‘নিরপেক্ষ’ শব্দগুলো শুধুমাত্র বলার জন্য বলা নয় সে অনুযায়ী কাজ করতে হলে সরকারের সময় দরকার উল্লেখ করে উপদেষ্টা বলেন, “একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের পর্যাপ্ত সময় দরকার।”

অর্থ উপদেষ্টা বলেন, “পেশী শক্তি, কলোটাকা, আয়কর খেলাপী, চোরাচালানী এবং দুর্নীতিবাজমুক্ত একটি নির্বাচনের জন্য আমরা কাজ করে যাচ্ছি।”

বৈদেশিক সাহায্য প্রাপ্তি এবং রাজস্ব আদায় ছাড়া সামষ্টিক অর্থনীতির অবস্থা ভালো বলে তিনি জানান। তিনি বলেন, “কর বর্হিভুত উৎসসহ বিভিন্ন উৎস থেকে রাজস্ব আদায় বাড়ানোর জন্য সরকার এর মধ্যেই পদক্ষেপ নিয়েছে। রাজস্ব আদায় ছাড়াও উচ্চাকাঙ্খী বাৎসরিক উন্নয়ন কার্যক্রম (এডিপি) সংকোচন করার ব্যাপারেও কাজ করছে সরকার।”

বিদ্যুৎ ঘাটতি সম্পর্কে উপদেষ্টা বলেন এটা তাৎক্ষণিকভাবে সমাধান করা যাবে না। তিনি জানান, “আমরা কিছু পদক্ষেপ নিয়েছি এবং এসব পদক্ষেপের ফলাফল পেতে দুই থেকে তিন বছর সময় লাগবে।”

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকারী এবং বেসরকারী জমি দখলের পিছনে মূল হোতাদেরও ধরা হবে।

তিনি বলেন, “ জনগণের জন্য ভালো হবে এমন যেকোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তত্ত্বাবধায়ক সরকারের রয়েছে।”