সার্ক কার র্যালির আয়োজন করতে যাচ্ছে সরকার
দক্ষিণ এশিয়ার জনগণের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনকে আরও সুদৃঢ় ও জোরদার করতে আগামী ১৫ মার্চ কক্সবাজার থেকে শুরু হতে যাচ্ছে সার্ক কার র্যালি। দীর্ঘ ৩০ দিনব্যাপী এ র্যালি সাতটি দেশের আট হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে।
কক্সবাজার স্টেডিয়ামে এই র্যালির উদ্বোধন করবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ।
সার্ক কার র্যালী-- ২০০৭ উপলক্ষে বৃহস্পতিবার চীন-- মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান হাফিজুর রহমান ভুঁইয়া জানান, র্যালিতে ৩০টি গাড়ী অংশ নেবে। প্রত্যেক দেশের জন্য থাকবে দুটি করে গাড়ি। একটিতে থাকবেন ক্রীড়া, সংস্কৃতি, চলচ্চিত্রসহ বিভিন্ন অঙ্গনের চারজন ব্যক্তিত্ব। অন্যটিতে থাকবেন প্রচার মাধ্যমের চারজন।
তিনি জানান, বাংলাদেশ অংশে র্যালি পরিভ্রমণ করবে ১ হাজার ৩২৩ কিলোমিটার পথ। বাংলাদেশ অংশে এ র্যালী কক্সবাজার থেকে শুরু হয়ে রামু-- ডুলহাজারা সাফারি পার্ক-- চট্ট্রগ্রাম-- ফেনী--কুমিল্লা--সোনারগাঁও-- ঢাকা-- সাভার-- টাঙ্গাইল-- বগুড়া-- দিনাজপুর-- রংপুর-- লালমনিরহাট হয়ে বুড়িমারিতে শেষ হবে। এরপর র্যালি যাবে ভারতে।
সাত দেশের এ র্যালিটি আগামী ১৪ এপ্রিল মালদ্বীপে শেষ হবে। এ ছাড়া আগামী ৩ ও ৪ এপ্রিল অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন চলাকালে র্যালিটি দিল্লীতে থাকবে।
বাংলাদেশ অংশে র্যালির বাজেট কত জানতে চাইলে জানানো হয়, প্রাথমিকভাবে বাজেট ধরা হয়েছিল এক কোটি টাকা। কিšতু এখন পর্যন্ত কোন স্পনসর পাওয়া যায়নি বলে বাজেট কাটছাঁট করা হয়েছে। সরকারি অর্থে পুরো খরচ মেটানো হবে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশ অংশে র্যালির জন্য কোনো স্পনসর এখনও পাওয়া যায়নি। তবে সেজন্য চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবদুল মতিন, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চেীধুরী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব মো. শহীদ আলম এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন।
প্রসঙ্গত ২০০৫ সালের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত ১৩দশ সার্ক শীর্ষ সম্মেলনে সার্ক কার র্যালী আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
এদিকে কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন, অনুষ্ঠানকে সফল করার জন্য গত সোমবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুর রহমান অপুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
