২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই হচ্ছে না ভারত থেকে বিদ্যুত আমদানি

ভারত থেকে বিদ্যুৎ কেনার ব্যাপারে আরও সময় নিতে চাচ্ছে সরকার। জ্বালানী উপদেষ্টা তপন চৌধুরী বৃহস্পতিবার এ কথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 05:30 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

তবে বাংলাদেশ চাইলেও অচিরেই ভারত থেকে বিদ্যুত আমদানি করা সম্ভব হবে না। কারণ এজন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে তিন বছর সময় লাগবে। ভারত থেকে বাংলাদেশে বিদ্যুত সরবরাহের প্রাক-সম্ভাব্যতা যাচাই বিষয়ক একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউএসএআইডির এই প্রতিবেদনটি বৃহস্পতিবার বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে জ্বালানী উপদেষ্টা তপন চৌধুরীর কাছে উপস্থাপন করা হয়।

উপদেষ্টা জানান, রিপোর্টটি পরীক্ষা-নীরিক্ষার জন্য সরকার একটি কমিটি গঠন করে দেবে এবং ওই কমিটি যাচাই বাছাই শেষে সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে। আর সেই প্রতিবেদনের ভিত্তিতে বিদ্যুত আমদানির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে ভারত থেকে বিদ্যুত আমদানির কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছিলেন জ্বালানী উপদেষ্টা। তবে বৃহস্পতিবার তিনি জানান, “বিদ্যুত কেনার ব্যাপারে দুই সরকারের মধ্যে সরাসরি কোন আলোচনা হয়নি।”

প্রতিবেদনে বলা হয়, ভারতের বহরমপুর থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুত বাংলাদেশকে সরবরাহ করা সম্ভব। তবে এই বিদ্যুত পেতে সময় লাগবে কমপক্ষে তিনবছর। ট্রান্সমিশনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে এ সময় লাগবে। আর এক্ষেত্রে প্রতি ইউনিটের জন্য ট্রান্সমিশন ব্যয় হবে ১ টাকা ২০ পয়সা, সঙ্গে উৎপাদন এবং অন্যান্য ব্যয় মিলিয়ে খরচ হবে বাংলাদেশের টাকায় ২ টাকা ৩০ পয়সার চেয়েও বেশী।

প্রতিবেদনে আরও বলা হয় ভারত প্রতিদিন ১৭ ঘন্টা  বিদ্যুত সরবরাহ করতে পারবে। তবে সেটা দিনের কোন সময়ে হবে, তা উল্লেখ করা হয়নি। ট্রান্সমিশন সংযোগ এডিবি এবং ইউএসএআইডির অর্থায়নে হতে পারে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।