২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী দুইদিন বিদ্যুৎ উৎপাদন হবে চাহিদার অর্ধেক

গরম না আসতেই বিদ্যুতের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ। সরবরাহ ঘাটতি এবং যান্ত্রিক কিছু ত্র“টি-- বিচ্যুতিই এর কারণ। এ সমস্যার আগুনে আগামী দুই দিন আরও আহুতি পড়ছে। গ্যাসের অভাবে ৪৮ ঘণ্টা পুরোপুরি উৎপাদন বন্ধ থাকবে চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানালো খোদ কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 05:49 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

সংকট মোকাবিলায় ভারত থেকে বিদ্যুৎ কেনার প্রচেষ্টাও দ্রুত আলোর মুখ দেখছে না। বিদ্যুত সরবরাহের প্রাক--সম্ভাব্যতা যাচাই বিষয়ক একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ চাইলেও ভারত থেকে বিদ্যুত আমদানি সময় লাগবে অন্তত তিন বছর। সব মিলিয়ে বিদ্যুৎ সংকট থেকে সহসা মুক্তি পাচ্ছে না বাংলাদেশ।

সারাদেশে বিদ্যুৎ চাহিদা এখন সাড়ে চার হাজার মেগাওয়াট। বিপরীতে দেশের সব কয়টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে ২৭০০ মেগাওয়াট। সাঙ্গু গ্যাসক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ বন্ধের কারণে শুক্র ও শনিবার উৎপাদন কমবে প্রায় ৪৬২ মেগাওয়াট। এর ফলে আগামী দুদিন সারাদেশে বিদ্যুৎ ঘাটতির পরিমাণ চাহিদার প্রায় অর্ধেকে পৌঁছে যাবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, গ্যাসের অভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ থাকবে। এর ফলে সারাদেশে কিছুটা বাড়বে লোডশেডিং।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন কূপ খননের প্রয়োজনে সাঙ্গু গ্যাসক্ষেত্র সম্পূর্ণ বন্ধ থাকায় এ সময় চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র (রাউজান)-- এর ৩৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট ও শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও পুরোপুরি বন্ধ থাকবে। শিকলবাহা থেকে এখন পাওয়া যাচ্ছে ৬২ মেগাওয়াট বিদ্যুৎ।

এ ছাড়া চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় উদ্ভূত লো--  ভোল্টেজ পরিস্থিতিতে ৪০ মেগাওয়াট ক্ষমতার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বন্ধ হয়ে যেতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিডিবি।

অবশ্য নামপ্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেছেন, ভোল্টেজ কম থাকার কারণে কর্ণফুলি কোনো বিদ্যুৎই উৎপাদন করতে পারবে না এ দুইদিন। এর ফলে জাতীয় গ্রিড বঞ্চিত হবে আরও ৪০ মেগাওয়াট বিদ্যুৎ থেকে।