অবৈধ এসিড রাখার দায়ে ৫ জনের ৬ বছর করে সশ্রম কারাদণ্ড
বিপুল পরিমাণ এসিড অবৈধভাবে মজুদ করে রাখা ও বিক্রির অভিযোগে পাঁচ জনকে আটক করে ছয় বছর করে কারাদণ্ড এবং প্রত্যেককে তিন লাখ টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।
এর সঙ্গে জড়িত আরো তিন জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সিলগালা করা হয়েছে এসিড মজুদকারী পুরান ঢাকার তিনটি দোকান।
বুধবার পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলাহর নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযানে একটি দোকান থেকেই ১৭ মেট্রিক টন এসিড জব্দ করা হয়। গোয়ালনগর লেনের মায়া কেমিক্যাল সাপ্লাই কোম্পানি নামের ওই কোম্পানির ১০ টন এসিড মজুদ করার অনুমতি ছিল। অবৈধ এসিড মজুদের অভিযোগে কোম্পানিটির মালিক আব্দুল হান্নান ভূঞা এবং কর্মচারী আবুল হোসেন ও রফিকুল ইসলামকে দোকান থেকে গ্রেফতার করে প্রত্যেককে ছয় বছরের কারাদেশ ও তিন লাখ টাকা জরিমানা করা হয়। কোম্পানিটির অপর মালিক সুলতানা রাফিয়া ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
নিকটবর্তী ডানিশ নামের আরেকটি দোকানে খোলা আকাশের নিচে মজুদ করে রাখা ছিল বিপুল পরিমাণ এসিড। এসিড কেনা ও বিক্রির সঠিক হিসাবও দেখাতে পারেনি তারা। এই দোকানের মালিক লিয়াকত আলী ও ম্যানেজার তারেক হোসেনকেও ছয় বছর করে কারাদণ্ড ও তিন লাখ টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এইচকে কেমিক্যালস নামে আরেকটি দোকানে অভিযান চালানো হলেও কাউকে পাওয়া যায়নি। এ দোকানের মালিক কানু সাহা ও আবুল কালামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
অভিযানের নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলাহ নফহবংি২৪.পড়স -কে বলেন, “অবৈধভাবে এসিড বিক্রির অভিযোগে এসব ব্যবস্থা নেয়া হয়।” অবৈধভাবে বিক্রি না হলে এসিড নিক্ষেপের ঘটনা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
