ময়মনসিংহে হত্যার দায়ে একই পরিবারের ৩ জনের যাবজ্জীবন
ময়মনসিংহে ফরহাদ হত্যার দায়ে মঙ্গলবার অতিরিক্ত জেলা দায়রা জজ এস এম আমিনুল ইসলাম একই পরিবারের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
২০০৪ সালের ১৯ মে বিকেলে আসামীরা শহরের পাট গুদাম এলাকার ফরহাদ (৩০) কে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিযে হত্যা করে। পরে তার লাশ শহরের ব্রহ্মপুত্রের তীরে ফেলে রাখে।
ওইদিনই নিহতের মা আছিয়া খাতুন বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুবুর রহমান ২০০৫ সালের ৯ মার্চ ১১ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার একই পরিবারের আক্কেল আলী (৫৫), পিতা অহেদ আলী; আক্তার (৫২) ও আক্কেল আলীর পুত্র নাদিম (২৮) কে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অন্য আসামীদের বেকসুর খালাস দেওয়া হয়।
