এবার সম্পদের হিসাব দিলেন দুদক সচিব
এবার ব্যক্তিগত সম্পদের হিসাব দিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. দেলোয়ার হোসেন।
বৃহম্পতিবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে ব্যক্তিগত সম্পদের লিখিত বিবরণ উপস্থাপন করে তিনি বলেন, “আগামী ১৫ দিনের মধ্যে দুদকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদেরও সম্পদের হিসাব দিতে বলা হবে।”
বুধবার নির্বাচন কমিশনার হিসেবে শপথ নেয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন সাংবাদিকদের কাছে তার ব্যক্তিগত সম্পদের হিসাব তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় ব্যক্তিগত সম্পদের হিসাব দিলেন দুদক সচিব।
তবে ব্রিগেডিয়ার সাখাওয়াতের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে দুদক সচিব জানান, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে কমিশন, “নির্বাচন কমিশনার সাংবিধানিক পদ। তবে সেনাবাহিনীতে থাকার সময় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে দুদকে নতুন চেয়ারম্যান ও কমিশনার আসার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”
ব্যক্তিগত সম্পদের লিখিত কপিতে দেলোয়ার হোসেন বলেন, “দুর্নীতি দমন কমিশনে স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে সচিব হিসেবে আমার সম্পদের বিবরণী দাখিল করা হলো।”
বিসিএস (প্রশাসন) ক্যাডারে ২৬ বছরসহ সব মিলিয়ে ২৮ বৎসর প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত রয়েছেন বলে এই বিবরণীতে জানিয়েছেন তিনি।
তাঁর দেওয়া সম্পদের বিবরণীতে বলা হয়েছে স্ত্রী, দু মেয়ে ও এক পুত্রের নামে তার পরিবারের সম্পদের মধ্যে রয়েছে একটি করে টিভি সেট, রেফ্রিজারেটর, কম্পিউটার, উইন্ডো এসি ও ওয়াশিং মেশিন, তিনটি খাট, দশটি চেয়ার টেবিল ও তিনটি আলমিরা। রাজউক অনুমোদিত পুর্বাচল আবাসিক এলাকায় সাড়ে ৭ কাঠার একটি প্লটের বরাদ্দ পেয়েছেন, তবে এখনো জমি বুঝে পাননি। এর বাইরে পরিবারের সদস্য ও সদস্যাদের নামে কোনো সম্পত্তি নেই। এছাড়া জন্মস্থান চাঁদপুরের কচুয়ার লুন্তি নোয়াবাড়িতে একটি ভিটি জমি আছে, তবে সেটি গত ৫০ বছর খালি, সেখানে কোনো ঘরবাড়ি নেই।
এছাড়া বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে কোথাও তার নিজের, স্ত্রী কিংবা সন্তানদের নামে কোনো বাড়ি কিংবা কোনো গাড়িও নেই বলে জানিয়েছেন দুদক সচিব। তিনি থাকেন আজিমপুরের একটি সরকারি বাড়িতে। সিটি ব্যাংক লিমিটেডে তার নামে একমাত্র সঞ্চয়ী হিসাবটিতে মাসে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লেনদেন হয়। বেতনের চেকসহ অন্যান্য চেক তিনি এই একাউন্টেই জমা দেন বলে জানিয়েছেন।
সরকারের বেতন-ভাতা, বিভিন্ন প্রশিক্ষণ ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রফেশনাল লেকচার থেকে উপার্জিত ও সরকারিভাবে বিদেশে গেলে তা থেকে বাঁচানো টাকা, প্রভিডেন্ট ফান্ড হতে ঋণ গ্রহণ, একটি ডোমেস্টিক ক্রেডিট কার্ড এবং সহকর্মী ও বন্ধু-বান্ধব থেকে ঋণ নেয়া ইত্যাদির মাধ্যমে সংসার খরচ চালান বলে জানিয়েছেন তিনি।
