শিগগিরই দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান
কেবল রাজনীতিবিদ ও ব্যবসায়ী নয়, এবার দুর্নীতিবাজ ও অসৎ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযান শুরু হচ্ছে।
চট্টগ্রাম থেকে শিগগির এ অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মুখলেসুর রহমান।
সোমবার সার্কিট হাউজে চট্টগ্রামের ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসন ও আইন -- শৃংখলা বাহিনীর এক সমন্বয় সভায় তিনি একথা বলেন।
বিভাগীয় কমিশনার প্রকৃত ও সৎ ব্যবসায়ীদের আতঙ্কিত না হওয়ার আহবান জানিয়ে বলেন, “ব্যবসায়ীরা ভাববেন না যে শুধু আপনাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচেছ। দুর্নীতি করলে কেউই রেহাই পাবে না।”
সভায় টিসিবি ও পরিবেশ অধিদপ্তরকে অকার্যকর করে রাখার সমালোচনা করে বলা হয়, যথাসম্ভব দ্রুত সরকারি এ দুটি প্রতিষ্ঠানকে কার্যকর ও গতিশীল করে তুলতে হবে।
ব্যবসায়ী নেতৃবৃন্দ সাম্প্রতিক সময়ের যৌথবাহিনীর অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, তারা নির্ভয়ে ব্যবসা করতে চান এবং প্রকৃত ব্যবসায়ীদের হয়রানি বন্ধের নিশ্চয়তা চান। যেন তারা অবাধে নিজ নিজ ব্যবসা পরিচালনা করতে পারেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক আল নুরী ফয়জুর রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোখলেসুর রহমান, অতিরিক্ত উপ-- মহাপুলিশ পরিদর্শক আবদুস সালাম, চিটাগাং চেম্বার সভাপতি সাইফুহজ্জামান চৌধুরী জাভেদ, পিএইচপি শিল্প গ্র“পের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান, চেম্বারের সিনিয়র সহ সভাপতি এম এ লতিফ, চেম্বার পরিচালক আমিরুল হক, আবুল খায়ের গ্র“পের প্রতিনিধি আবু তাহের প্রমুখ। এ ছাড়া সভায় যৌথ বাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় চেম্বার সভাপতি সাইফুজ্জামান চৌধুরী বলেন, যৌথবাহিনীর এ অভিযান নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তবে সেটা এখন কেটে যাচ্ছে।
তিনি সিল করে দেওয়া গুদামগুলো খুলে দেওয়ার ব্যাপারে আদালতের রায়কে অভিনন্দন জানিয়ে বলেন, গুদামের নষ্ট পণ্য অবশ্যই ফেলে দিতে হবে। তবে প্রকৃত ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফয়জুর রেজা বলেন, “সবকিছু আইন অনুযায়ী চলবে। ব্যবসায়ীরা আতঙ্কিত হবেন না। সামনে সুদিন আসছে যার সুফল আপনারা ভোগ করতে পারবেন।”
