শুধু কোরামের অভাবেই অষ্টম সংসদে অপচয় হয়েছে ২০ কোটি টাকা
কেবল কোরামের অভাবে অধিবেশন দেরিতে শুরু করার কারণেই বিগত ৮ম জাতীয় সংসদের মেয়াদকালে অপচয় হয়েছে ২০ কোটি ৪৫ লাখ টাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র এক গবেষণা প্রতিবেদনের সূত্রে প্রকাশিত হয়েছে সংসদ বিষয়ক এ রকম কিছু পরিসংখ্যান।
সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় “গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে জাতীয় সংসদ” শীর্ষক এই গবেষণা প্রতিবেদনটি। প্রতিবেদনে জানানো হয়েছে, গত সংসদের ৩শ ৭৩ কার্যদিবসের মধ্যে প্রধানমন্ত্রী এবং বিরোধীদলের নেতা অনুপস্থিত ছিলেন যথাক্রমে ১শ ৭৮ দিন এবং ৩শ ২৮ দিন।
আর হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি ১৫টি মন্ত্রণালয় ও বিভাগের ওপর ১৩ হাজার ১শ ৫৪ কোটি ৫৪ লাখ টাকা অডিট আপত্তি উপস্থাপন করলেও আদায় হয়েছে মাত্র ৬৩ কোটি ৭৬ লাখ টাকা।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, দুর্নীতি, বিদ্যুত সংকট, সন্ত্রাসের মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়নি, কিন্তু সাংসদরা বেশিরভাগ সময় ব্যয় করেছেন অনির্ধারিত আলোচনা আর দলীয় প্রশংসায়। বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলো ছিল অকার্যকর, সংসদে উপস্থিতি এবং আলোচনায় অংশ গ্রহণের ব্যাপারে সাংসদদের অনীহাও ছিল লক্ষ্যণীয়।
প্রতিবেদনে বলা হয়, অষ্টম জাতীয় সংসদের ৯৯ জন সাংসদ বাজেট আলোচনায় অংশগ্রহণ করেন নি। এদের মধ্যে ৮০ জনই ছিলেন সরকারি দলের। এছাড়াও রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় ১শ ৮২ জন সদস্যের কোন অংশগ্রহণ ছিল না।
প্রতি অর্থবছরেই থোক বরাদ্দের পরিমাণ বৃদ্ধির কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ২০০১-২০০২ থেকে ২০০৬-২০০৭ অর্থবছরের বাজেটে খাতহীন বরাদ্দ দেওয়া হয়েছে ৫ হাজার ৬শ ১ কোটি টাকা। সেই সঙ্গে স্বাধীনতার পর থেকে ৮ম অধিবেশন পর্যন্ত সাংসদরা ৯ কোটি ৭০ লাখ ৬৮ হাজার টাকার টেলিফোন বিল বাকি রেখেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
৯ম জাতীয় সংসদকে কার্যকর করতে বেশ কিছু সুপারিশ উপস্থাপন করা হয়েছে এ প্রতিবেদনে। এরমধ্যে রয়েছে অনুপস্থিতিজনিত কারণে সদস্য পদ শূন্য হওয়ার বিধান ৯০ দিনের পরিবর্তে ২০ দিন করা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে নিজেদের মত প্রকাশে সাংসদদের খানিকটা স্বাধীনতা দেয়া, বিরোধীদলকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব প্রতি সপ্তাহে এক ঘন্টা করা এবং বিরোধীদল থেকে ডেপুটি স্পিকার করা।
এছাড়াও প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাকে নিয়মিত সংসদে উপস্থিত থাকা, নির্বাচনী এলাকায় সাংসদদের জন্য দপ্তর প্রদান ও ওই দপ্তরে দুমাস পরপর জনগণের জন্য প্রশ্নোত্তরের ব্যবস্থা করা, সাংসদদের জন্য আচরণ বিধি প্রণয়ন, ১৫ কর্মদিবস শেষে কমপক্ষে একদিন বেসরকারি সদস্য দিবস পালন এবং সাংসদদের আয়-ব্যয় ও সম্পত্তির হিসেব ওয়েবসাইটে প্রকাশ করে তা নিয়মিত হালনাগাদ করার জন্য সুপারিশ করা হয়েছে।
টিআইবির গবেষণা কর্মকর্তা তানভির মাহমুদ গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন এবং সাংবাদিকদের এ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোজাফ্ফর আহমদ।
