২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরনগরীতে ভ্রাম্যমান আদালতের সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায়

ভ্রাম্যমান আদালত ওয়াসার বিপুল পরিমাণ পানি চুরি, পুকুর ভরাট ও শোধনাগার ছাড়া বর্জ্য ফেলার দায়ে রোববার চার প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 09:17 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ওয়াশো লিমিটেড, ওয়াস লাইন লিমিটেড এবং ইন্টার কেয়ার লিমিটেড নামে তিনটি প্রতিষ্ঠানকে নির্বিচারে গভীর নলকূপ স্থাপন করে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করেন।

এ ছাড়া শোধনাগার ছাড়া বর্জ্য ফেলার অভিযোগে আদালত ওয়াশো লিমিটেড নামক ওয়াশিং প্ল্যান্টকে ৫০ হাজার টাকা জরিমানা করে।  

বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী পরিচালিত ভ্রাম্যমান আদালত একই এলাকায় অবস্থিত একটি ওয়াশিং প্লান্টেও অভিযান চালিয়ে মিটার খুলে পানি চুরির দায়ে প্ল্যান্টটির পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এদিকে অপর এক অভিযানে নগরীর হালিশহর আবাসিক এলাকার মোল্লা পুকুর ভরাট করার অভিযোগে জে আই এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা এবং এক মাসের মধ্যে পুকুরটি পুনঃখননের নির্দেশ দেন।

অপরদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরীর বহদ্দারহাট থেকে জিইসি মোড় পর্যন্ত  সড়কের দুই পাশের ৭০ থেকে ৮০টি স্থাপনা উচ্ছেদ করেছে।

ওয়াইএমসিএ কিন্ডারগার্ডেন স্কুল, একটি সিএনজি স্টেশনের একাংশ এবং বিভিন্ন দোকান--পাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানও উচ্ছেদ করে।