'শীর্ষ ১০০' বিদ্যুৎ বিল খেলাপি তালিকা নিয়ে অভিযানে নেমেছে ডেসা
রাজধানীতে খেলাপি বিদ্যুৎ বিল আদায়ে ‘শীর্ষ ১০০’ খেলাপির তালিকা করেছে সরকার। ঢাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (ডেসা) এর একটি সূত্র বলছে, ঢাকার সরকারি--বেসরকারি অফিস আদালত,শিল্প প্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকদের কাছে প্রায় শত কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়ে রয়েছে।
ওই বকেয়া অর্থ আদায়ে তৈরি করা তালিকায় ঢাকার বেশ কয়েকটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, করপোরেট হাউজ ও ধনাঢ্য ব্যক্তিদের নাম আছে।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের নির্দেশে ডেসা ওইসব বিল খেলাপিদের সংযোগ বিচ্ছিন্ন করতে গত বৃহস্পতিবার থেকে মাসব্যাপী অভিযান শুরু করেছে।
প্রথম দুইদিনের অভিযানে ডেসা আদায় করেছে নগদ প্রায় ৬ কোটি টাকার বকেয়া। বিদ্যুৎ আইনে মামলা হয়েছে শতাধিক। ১৭ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ডেসার আওতাধীন ৫টি এলাকায় ওই অভিযান চলছে।
অভিযানে ম্যাজিস্ট্রেটরা ঘটনাস্থলে বকেয়া বিল আদায় ছাড়াও মামলা দায়ের ও গ্রেপ্তার আদেশও জারি করার ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, রাজনৈতিক প্রভাবের জন্য ‘শীর্ষ ১০০’ তালিকায় থাকা বিদ্যুৎ বিল খেলাপিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। টঙ্গি, ধানমন্ডি,বাংলাবাজার এলাকায় অনাদায়ী অনেক বিল পড়ে আছে বছরের পর বছর ।
রোববার অভিযান চলাকালে নফহবংি২৪.পড়স এর প্রতিবেদক সরজমিন ডেমরার কাজলা এলাকায় ঘুরে অসংখ্য অবৈধ বিদ্যুৎ লাইন দেখেছেন।
অভিযানে নেতৃত্বধানকারী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাহাবুবলু আলম প্রায় ৫০টি আবাসিক ঠিকানার অবৈধ লাইন বিচ্ছিন্ন করেন। এই এলাকা থেকে রোববার ৪০ লাখ ৪৯ হাজার ২০৮ টাকার বকেয়া বিল আদায় করা হয়েছে বলে তিনি জানান।
রোববার ডেসার পরিচালিত অভিযান থেকে বাংলাবাজার জোন থেকে বকেয়া বিল খাতে ৫৬ লাখ ৭৪ হাজার, ধানমন্ডি জোন থেকে ৪২ লাখ ১৭ হাজার ও সেগুনবাগিচা জোন থেকে ৩০ লাখ ৪৩ হাজার বিল আদায় হয়েছে। এদিন চারটি জোনে মোট ১৪২টি মামলা দায়ের করা হয়।
ডেসা‘র সচিব রফিউল আলম নফহবংি২৪.পড়স-কে জানান, তাদের অভিযান চলবে ৮ মার্চ পর্যন্ত। ৫টি জোনে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আশা করেন এই অভিযানের মাধ্যমে বকেয়া বিল আদায়, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হবে।
