আটকাদেশের প্রস্তাবসহ এমএ করিম আব্বাসী নেত্রকোনায়
এলডিপির কেন্দ্রীয় নেতা ও সাবেক হুইপ এমএ করিম আব্বাসীকে শনিবার রাতে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোনার দূর্গাপুর উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে দূর্গাপুর উপজেলা ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন তার জামিন আবেদন নাকচ করে দেন। এরপর তাকে বিশেষ ক্ষমতা আইনে একমাসের আটকাদেশের প্রস্তাবসহ নেত্রকোনা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দেওয়া হয়।
এমএ করিম আব্বাসীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি ও সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে।
তিনি ১৯৯১ সালে বিএনপি দলীয় সাংসদ নির্বাচিত হয়ে হুইপ হন। ২০০১ সালে একই দলের সাংসদ হিসাবে আব্বাসী পানি সম্পদ বিভাগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এরপর জোট সরকার ক্ষমতা ছাড়ার দুদিন আগে নিজের কিছু কর্মী-সমর্থকসহ এলডিপিতে যোগ দেন।
