২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে যত দ্রুত সম্ভব অবাধ নির্বাচন চায় ব্রিটেন

বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান দেখতে চায় ব্রিটেন। সফররত ব্রিটিশ হাউজ অব লডর্স--এর দুই সদস্য বেরোনেস পলা মঞ্জিলা উদ্দিন ও নাজির আহম্মেদ শনিবার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 10:41 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

বনানীর হাওয়া ভবনে রাত সাড়ে ৮টা থেকে অনুষ্ঠিত একঘণ্টাব্যাপী বৈঠকে ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী, বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে হাউজ অব লর্ডসের পলা মঞ্জিলা উদ্দিন ও নাজির আহম্মেদ সাংবাদিকদের জানান, তারা বাংলাদেশে ব্রিটিশ সরকারের অর্থায়নে পরিচালিত উন্নয়ন কার্যক্রম নিয়ে কথা বলেছেন। এছাড়া এ দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা হয়েছে।

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমকেও সমর্থন জানান এই দুই নেতা।

বৈঠক সম্পর্কে রিয়াজ রহমান সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং তা থেকে উত্তরণের পথ নিয়ে আলোচনা হয়েছে।”

রিয়াজ রহমান আরও বলেন, ব্রিটেন চায় বিদ্যমান পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক।