সার ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহ্য করা হবে না: সিএম করিম
কৃষকদের কাছে যথাসময়ে ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কারও গাফিলতি সহ্য করবে না সরকার। কারও ইচ্ছাকৃত ভুলের জন্য সারের সংকট তৈরি হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা সিএস করিম। উত্তরাঞ্চলে সার পরিস্থিতি সরজমিন পরিদর্শন করতে গিয়ে রংপুর ও বগুড়া সার্কিট হাউজে পৃথক বৈঠকে উপদেষ্টা করিম শনিবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র প্রতিবেদক সুমন মাহবুব।
শনিবার উত্তরাঞ্চল সফর শুরু করার মুহূর্তে উপদেষ্টা সিএস করিম টাঙ্গাইলের কালিহাতিতে গুটি সারের ব্যবহার দেখতে গাড়ি থামিয়ে মাঠে কৃষকদের সঙ্গে কথা বলেন।
এরপর তিনি বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, ও নওগাঁ জেলার বিভিন্ন অঞ্চল ঘুরে কৃষক, কৃষি কর্মকর্তা, উপজেলা ও জেলা প্রশাসনের নানা স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ওই অঞ্চলের সার ও ডিজেল পরিস্থিতির খোঁজ খবর নেন।
এলাকা ঘুরে এসে উপদেষ্টা দুপুরে বগুড়া সার্কিট হাউজে দীর্ঘ তিন ঘন্টার বৈঠকে বসেন জেলা প্রশাসক, যৌথ বাহিনীর অধিনায়ক, কৃষি ও সার সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং বেসরকারি সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে।
বৈঠকে সারের চাহিদা মেটাতে প্রতিদিন বেলা বারোটার মধ্যে এক হাজার মেট্রিক টন করে সার বিসিআইসি সরবরাহ করতে পারবে বলে সংস্থার বগুড়া অঞ্চলের কর্মকর্তা উপদেষ্টাকে প্রতিশ্র“তি দেন।
উপদেষ্টা যৌথবাহিনীর অধিনায়কসহ সংশ্লিষ্টদের ডিজেলের চোরাচালান ঠেকাতে নির্দেশ দেন।
এছাড়া কৃষকদের সঙ্গে কার্যকর যোগাযোগ গড়ে তোলার জন্য তিনি কৃষি কর্মকর্তাদের আদেশ দিয়ে বলেন, “কৃষকরা যাতে বেশি ফলনের আশায় বেশি সার ব্যবহার না করেন সে দিকে নজর রাখবেন।”
বগুড়া সার্কিট হাউজে বৈঠক শেষে সিএস করিম রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট জেলার সার, সেচ ও বিদ্যুত পরিস্থিতি সরজমিন দেখতে কয়েকটি এলাকায় যান।
এসব এলাকা ঘুরে এসে তিনি সন্ধ্যায় রংপুর সার্কিট হাউজে জেলাগুলোর প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন।
বৈঠকে লালমনিরহাটের জেলা প্রশাসক রফিকুল ইসলাম জেলার বাফার গোডাউনে সার সরবরাহের অনুরোধ জানান।
