পাবনায় স্কয়ার কারখানায় ভয়াবহ আগুনে ৪০ কোটি টাকার মালামাল ছাই
শুক্রবার রাতে পাবনার স্কয়ার কনজুমার প্রোডাক্টস লিমিটেডের কারখানায় এক অগ্নিকাণ্ডে প্রায় ৪০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। দমকল বাহিনীর ৫টি ইউনিট সারা রাত ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার ব্রিগেড সূত্র জানায়, রাত সাড়ে ৯ টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। অল্পসময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ও গুদামসহ পুরো কারখানায় আগুন লেগে যায়।
দমকল বাহিনীর পাবনা, ঈশ্বরদী ও বেড়ার ৫টি ইউনিট সারা রাত ধরে চেষ্টা চালিয়ে শনিবার ভোর ৪ টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ এই অগ্নিকান্ডে কারখানার ৩০ কোটি টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ এবং গোডাউনে রক্ষিত কাঁচামাল, উৎপাদিত চানাচুর, চিপস্সহ প্রায় ৪০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রতিষ্ঠানের একটি সূত্র জানায়।
স্কয়ার কনজুমারের পরিচালক গোলাম রব্বানী, এস কে দাস, প্লান্ট ম্যানেজার আব্দুল খালেক, ম্যানেজার নজরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা পরে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে অগ্নিকাণ্ডের বিষয়টি তুলে ধরেন।
