২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ‘ক্রসফায়ারে’ চরমপন্থী নেতা নিহত

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় ‘ক্রসফায়ারে’ তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আব্দুস সালাম (৩৬) মারা গেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2007, 01:57 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

শুক্রবার ভোর রাতে কুমারখালি উপজেলার রাইডাঙ্গা গ্রামে এক কলাবাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ সেখান থেকে কয়েক রাউন্ড বন্দুকের গুলি ও বোমা উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, বৃহষ্পতিবার ভোরে চরমপন্থী সালাম বাহিনীর প্রধান সালামকে বারাদি গ্রামের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে কুষ্টিয়া সদর থানায় জেরার মুখে সে তার দলের অস্ত্রভান্ডার ও সহযোগিদের সম্পর্কে মুখ খোলে।

এরপর সদর, কুমারখালী থানা ও ডিবি পুলিশের তিনটি টিম তাকে সঙ্গে নিয়ে বৃহষ্পতিবার মধ্যরাত থেকে অভিযান চালানো শুরু করে। রাত সাড়ে তিনটার দিকে রাইডাঙ্গা গ্রামের ফরহাদের কলাবাগানে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নেয়া চরমপন্থী--সন্ত্রাসীরা পুলিশের উপর আচমকা গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা জবাব দিলে শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সালাম।

ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে তার লাশ পাঠানো হয়েছে।

কুষ্টিয়া পুলিশ সুপার ময়নুল ইসলাম জানায়, সালাম গত ৪/৫ বছর ধরে নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।

ডিবি পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ৪টি হত্যাসহ অপহরণ, ডাকাতি, লুট ইত্যাদি ১৬টি মামলা রয়েছে।