২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির দিনে বইমেলাতে জমজমাট বিকিকিনি

মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সুর্য হাসে। বৃহস্পতিবারের হঠাৎ বৃষ্টি প্রকাশক বিক্রেতাদের মনোব্যাথার কারণ হলেও শুক্রবার তারা হেসেেেছ আনন্দে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2007, 09:36 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

সকাল থেকেই বই মেলা ছিল জমজমাট। দুপুর নাগাদ মেলায় প্রবেশের জন্য সারি করতে হয় দুটি। একদিকে দুসারি শাহাবাগ মোড় ও অন্যদিকে দুসারি শিশু একাডেমী মোড়ে গিয়ে ঠেকে। দিনশেষে মেলায় (এ পর্যন্ত সর্বোচ্চ) নতুন বই আসে  ১২৬টি।

শুক্রবার মেলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন শিল্পী হাসেম খান। প্রায় একশ শিশুর কলরবে মেতে উঠেছিলো পুরো মেলা প্রাঙ্গণ। মেলা চত্বর সামান্য ভেজা থাকলেও শিশু-কিশোরদের আনন্দে বাদ সাধতে পারেনি তা। সকাল সাড়ে ১১টার মধ্যেই শিশু ক্রেতাদের সামলাতে ব্যস্ত হয়ে ওঠে বিক্রেতারা।

মিরপুর থেকে আসা কাকলী (৮) সদ্যকেনা বই এর ভারে নুয়ে পড়লেও হাতছাড়া করছেনা কোনটাই। মার কাছে আবদার ধরেছে হ্যারি পটার কিনে দেওয়ার জন্য। তার পছন্দ জানতে চাইলে কলকলিয়ে বলে উঠে,“সবগুলো হ্যারি আমার বাসায় আছে।”

মগবাজার থেকে আসা সপ্তম শ্রেনীর ছাত্রী কানিজ জানায়, সে প্রতিবছর বই কেনে।

সাপ্তাহিক ছুটি ও স্কুল বন্ধের কারণে শুক্রবার মেলায় ভীড়ের সঙ্গে সঙ্গে বেচা-কেনাও ছিল প্রচুর। অন্যপ্রকাশের কর্মচারী রিয়েল জানান, বেলা তিনটা পর্যন্ত বই বিক্রি গত কদিনের হিসাবকে ছাড়িয়ে গেছে।   

লিটল ম্যাগ কর্ণারের প্রচন্ড ভীড় চোখে পড়ার মতো। ‘ডিজুস প্রেম’ নামের একটি বই দেখা গেছে অনেকের হাতে।

লোক সমাগম দেখে মন ভালো অন্বেষার কর্মচারীদের। হাসি ঠাট্টার মধ্য দিয়ে বেচা-কেনা করছে তারা।

মেলা চত্বরে বাংলা একাডেমীর ক্যান্টিন ছাড়া আর কোনো খাদ্য-পানীয়ের দোকান না থাকায় পকেট থেকে বেশ চড়া দাম দিয়ে কিনতে বাধ্য হচ্ছেন মেলায় আগত দর্শকরা।

দুপুরের খাবার খেয়ে পরোটা প্রতি ১২ টাকা দাম দেওয়ার সময় ক্ষোভে ফেটে পড়েন অনেকেই।  

শুক্রবার মেলার তথ্যকেন্দ্রে ৩টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। ওয়ালি জসিমের ‘মনস্তাপের ফুল’, এইচ এস সরোয়ারদীর ‘কাব্যগ্রন্থ’ ও এস এম মকবুল হাসান এর ‘ছবির মত সুন্দর একটি দেশ’। প্রকাশক যথাক্রমে বইপত্র গ্র“প অব পাবলিকেশন্স, চয়ন প্রকাশন ও এম এ হাসান। এইচ এস সরোয়ারদীর ‘কাব্যগ্রন্থ’ উন্মোচন করেছেন নির্মলেন্দু গুণও ‘ছবির মত সুন্দর একটি দেশ’ এর উন্মোচন করেন কবি রফিক আজাদ।

শুক্রবার মেলায় আসা বইগুলোর মধ্যে রয়েছে ইমদাদুল হক মিলনের এর ‘ভুত গাছ’। বের করেছে বইপত্র গ্র“প অব পাবলিকেশন্স। একুশে বাংলা প্রকাশন থেকে বেরিয়েছে নির্মলেন্দু গুণের কবিতা ‘পথে পথে পাথর’। কাকলি প্রকাশ করেছে মুহম্মদ জাফর ইকবালের ‘একটুখানি বিজ্ঞান’।