রাষ্ট্রীয় গণমাধ্যমকে পুনর্গঠনের আহ্বান জানিয়েছে আ. লীগ
রাষ্ট্রীয় গণমাধ্যমের নিরপেক্ষ ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য তত্ত্বাবধায়ক সরকারকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, “আমরা আশা করবো তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতদুষ্ট এ দুটি প্রতিষ্ঠানে যোগ্য ও মেধাবী শিল্পী, কলা--কুশলী ও কর্মকর্তা নিয়োগের মাধ্যমে একটি স্বায়ত্বশাসিত ও জনগণের আস্থাভাজন রাষ্ট্রীয় গণমাধ্যম হিসেবে পুনর্গঠন করবে।”
তিনি বলেন, বিগত জোট সরকারের মেয়াদে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে দলীয়করণ, দুর্র্নীতি, অনিয়ম ও চরম অব্যবস্থাপনার ফলে প্রতিষ্ঠান দুটি জনগণের কাছে আকর্ষণহীন ও দলীয় প্রচার মাধ্যমে পরিণত হয়েছে।
প্রতিষ্ঠান দুটির যোগ্য, দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী কর্মকর্তা ও কলা--কুশলীদের হাওয়া ভবনের অদৃশ্য আদেশে একে একে বেআইনীভাবে অপসারণ এবং মুক্তচিন্তা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শিল্পীদের অঘোষিত কালো তালিকাভুক্ত করে নিষিদ্ধ করে রাখা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
